ভয়াবহ হামলার পর ইসরায়েল-ফিলিস্তিনে আবারও উত্তেজনা
শুক্রবার (৭ এপ্রিল) তেল আবিবে গাড়ি চাপায় এক ইতালীয় পর্যটক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার কয়েকঘণ্টা আগে দখলকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি দুই বোন নিহত হওয়ার ঘটনা ঘটে। এতে চলমান ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনার পারদ আবারও চড়েছে। খবর রয়টার্সের।
এ সপ্তাহে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের পুলিশি অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। একদিন আগে গাজা ও লেবাননে আন্তঃসীমান্ত হামলা এ উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
যদিও শুক্রবারের আগ পর্যন্ত ধারণা করা হচ্ছিল, চলমান উত্তেজনা বড় সংঘাতে পরিণত হতে পারে। কারণ গাজা এবং দক্ষিণ লেবাননের ইসলামপন্থী হামাসকে লক্ষ্য করে রকেট ছুড়তে থাকে ইসরায়েল। তবে শুক্রবার লাগাতার হামলা বন্ধ হয়ে যায়।
এই দুই হামলা ইসরায়েল-ফিলিস্তিনের বর্তমান নাজুক পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সর্বশেষ হামলায় তেল আবিবের একটি রাস্তায় পথচারীদেরকে একটি গাড়ি চাপা দেয়। পুলিশ জানিয়েছে, এ সময় বন্দুক হাতে নেওয়ার চেষ্টা করলে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হন চালক।
ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারী ইসরায়েলের আরব নাগরিক এবং কাফর কাসেম শহরের বাসিন্দা।
এর আগে শুক্রবার, জর্ডান উপত্যকার হামরায় ইহুদি বসতির কাছে গাড়িতে হামলা চালানো হয়। গুলিতে ২০ এবং ১৬ বছর বয়সী ইসরায়েলি-ব্রিটিশ নাগরিক দুই বোন নিহত এবং তাদের মা আহত হন।
এখন পর্যন্ত শুক্রবারের হামলার দায় কেউ স্বীকার করেনি।
