হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন লেবাননে চলমান সংঘাত নিয়ে ফোনালাপের সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'উন্মাদ' বলেছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্র একদিকে ইরানের সঙ্গে শত্রুতা বন্ধের জন্য আলোচনার চেষ্টা চালাচ্ছিল।
বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি সত্যিই নেতানিয়াহুকে উন্মাদ বলেছিলেন কি না। প্রশ্নটি করা হয় এক্সিওসের একটি প্রতিবেদনের সূত্র ধরে।
জবাবে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, বলেছিলাম। তবে আমি রাগান্বিত ছিলাম না, বরং লেবানন নিয়ে তার (নেতানিয়াহু) বারবার সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি আমাকে কিছুটা বিরক্ত করেছিল।'
তিনি এও বলেন, তার এবং নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খুবই ভালো।
এক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সোমবারের এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, 'আপনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। আমি না থাকলে আপনি এখন জেলে থাকতেন। আমি আপনাকে বাঁচিয়ে রাখছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে।'
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, 'একপর্যায়ে আমি বলেছিলাম, বিবি, আমাদের এটা থামাতে হবে। আমাদের এই পরিস্থিতির ইতি টানতে হবে।'
প্রতিবেদনটি প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তারা ওই ফোনালাপ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
