লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত, আহত ২
লেবাননে স্থল হামলা শুরুর পর দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই লড়াইয়ে তাদের চারজন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার সেনাবাহিনীর এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের নিহত তিন সেনার নাম প্রকাশ করে বলা হয়, তারা 'যুদ্ধের সময় নিহত' হয়েছেন। আরেকটি পৃথক বিবৃতিতে বলা হয়, একই ঘটনায় আরও একজন সেনা নিহত ও দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে অভিযান চলছিল। এ সময় নাহাল রিকনসান্স ইউনিটের সেনারা হিজবুল্লাহর একদল সশস্ত্র যোদ্ধাকে দেখতে পান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খুব কাছ থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে আইডিএফ সেনাদের গুলি বিনিময় হয়। এতে হিজবুল্লাহর কয়েকজন সদস্যও হতাহত হয়েছেন।
ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের পর গত ২ মার্চ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ পর্যন্ত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লাখেরও বেশি মানুষ।
এর একদিন আগেই লেবাননে অবস্থানরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননের বানি হাইয়ান গ্রামের কাছে 'অজ্ঞাত উৎস থেকে ঘটা এক বিস্ফোরণে তাদের একটি গাড়ি ধ্বংস হয়ে গেলে' দুজন শান্তিরক্ষী নিহত হন। এছাড়া গত রোববার দক্ষিণ লেবাননের আদচিত এল-কাসায়ার গ্রামের কাছে প্রজেক্টাইলের আঘাতে আরও একজন শান্তিরক্ষী নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসন আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তিনি লিটানি নদী পর্যন্ত একটি 'বাফার জোন' তৈরি করার লক্ষ্যে লেবাননের আরও গভীরে প্রবেশ করতে চাইছেন।
ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীরা নেতানিয়াহুকে দক্ষিণ লেবানন দখল করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে লেবাননের বাকি অংশ থেকে দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করতে ইসরায়েলি বাহিনী ক্রমাগত সেতু ও ঘরবাড়ি ধ্বংস করে চলেছে।
আল জাজিরার লেবানন প্রতিনিধি জানিয়েছেন, সোমবার রাতে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল এখন লেবাননের বেকা উপত্যকায় একটি নতুন ফ্রন্ট খুলেছে। তারা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরগুলোর সংযোগকারী সড়ক ও গোষ্ঠীটির কৌশলগত সরবরাহ লাইনগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
