'নজরদারি ও পর্যবেক্ষণ’ স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ করছে: ইরান
যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে—এমন অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে তাদের বেশ কয়েকটি মনিটরিং ও সার্ভিল্যান্স (নজরদারি ও পর্যবেক্ষণ) স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ইরানের দাবি, এই হামলা দুই দেশের মধ্যে চার মাস ধরে চলা যুদ্ধ অবসানের জন্য করা অন্তর্বর্তীকালীন চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'এই নির্মম হামলাগুলো... প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতির বিন্দুমাত্র মূল্য বা মর্যাদা দেয় না। প্রতিশ্রুতি ভঙ্গ করা তাদের মজ্জাগত স্বভাব।'
এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করতে 'বাধ্য হয়', তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর 'কোনো অস্তিত্ব থাকবে না'।
হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা চালিয়ে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে—এমন অভিযোগ তুলেই ট্রাম্প এই হুমকি দিয়েছিলেন।
