যুদ্ধবিরতি আলোচনা শুরুর মাঝেই ট্রাম্প বললেন, ‘বড় হার হারছে’ ইরান
ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সংঘাতে ইরান 'বড় ধরনের হার হারছে'।
ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন, 'গণমাধ্যমকর্মীরা বলতে ভালোবাসেন যে ইরান "জিতছে"। কিন্তু বাস্তব সত্য হলো, সবাই জানে যে তারা হারছে এবং খুব বড় হার হারছে।'
এরপর তিনি সংঘাত চলাকালে তার প্রশাসনের করা দাবিগুলোরই পুনরাবৃত্তি করেন।
তিনি বলেন, 'তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমানবাহিনী শেষ, তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থার কোনো অস্তিত্ব নেই, রাডার ধ্বংস হয়ে গেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কারখানাগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বহুলাংশেই নিশ্চিহ্ন হয়ে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের "নেতারা" আর আমাদের মাঝে নেই, আল্লাহকে ধন্যবাদ!'
ইরানের সাগরে মাইন পুঁতে রাখার কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন 'সারা বিশ্বের দেশগুলোর প্রতি একটি অনুগ্রহ হিসেবে হরমুজ প্রণালি পরিষ্কার করার কাজ' শুরু করেছে।
