ইরানের হামলার শিকার উপসাগরীয় দেশগুলোর কাছে ইন্টারসেপ্টর ড্রোন বেচতে চায় ট্রাম্প-পুত্রদের কোম্পানি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বড় ছেলের সমর্থনপুষ্ট একটি ড্রোন নির্মাতা কোম্পানি উপসাগরীয় দেশগুলোতে ড্রোন বিক্রির চেষ্টা করছে।
একদিকে ইরানের হামলার ঘটনা ঘটছে, অন্যদিকে সুরক্ষার জন্য এই দেশগুলো ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সামরিক বাহিনীর ওপর নির্ভর করা অব্যাহত রেখেছে। ঠিক এমন সময়েই এই ড্রোন বিক্রির চেষ্টা চলছে।
ফ্লোরিডাভিত্তিক ওই কোম্পানিটির নাম 'পাওয়ারাস'। গত মাসেই তারা জানিয়েছিল যে, এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তাদের কোম্পানিতে যোগ দিয়েছেন।
এখন তারা এমন একটি সংঘাত থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিজেদের বিক্রয় প্রচারণা চালাচ্ছেন, যে সংঘাতের শুরুটা করেছিলেন তাদেরই বাবা।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে হোয়াইট হাউসের প্রধান নীতিশাস্ত্রবিষয়ক আইনজীবী ছিলেন রিচার্ড পেইন্টার। এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন।
তিনি বলেন, 'এই দেশগুলো প্রেসিডেন্টের ছেলেদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। কারণ এর বিনিময়ে তারা চায় প্রেসিডেন্ট যেন তাদের কথা শোনেন। এটিই হতে যাচ্ছে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পরিবার, যারা যুদ্ধ থেকে প্রচুর টাকা কামাতে যাচ্ছে। আর এই যুদ্ধের জন্য প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো অনুমতিও নেননি।'
পাওয়ারাস-এর সহপ্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, তাদের কোম্পানি এখন বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন দেশে প্রস্তাব পাঠাচ্ছে। এর অংশ হিসেবে কয়েকটি উপসাগরীয় দেশে ড্রোনের কার্যকারিতাও প্রদর্শন করা হচ্ছে। মূলত তাদের তৈরি আত্মরক্ষামূলক 'ইন্টারসেপ্টর ড্রোন' কীভাবে ইরানের হামলা ঠেকাতে সাহায্য করতে পারে, তা-ই এসব প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
