‘মাতৃভূমি রক্ষার সময় এসেছে’: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এই হামলার পাল্টা জবাব দিতে দেশটি দ্বিধা করবে না৷
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, মাতৃভূমি রক্ষা এবং শত্রুর সামরিক আক্রমণের মোকাবিলা করার সময় এসেছে।
আজ ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে 'আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন' বলে আহ্বান জানিয়েছেন—যা একটি নজিরবিহীন আহ্বান।
এর মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে যে, কয়েক দশকের উত্তেজনার পর দেশগুলো সম্ভবত ইরানের ধর্মতান্ত্রিক শাসনের অবসান ঘটাতে চাইছে।
হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল তেহরানের কেন্দ্রস্থলে ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন এলাকা। হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। ইরানের রাজধানী থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
হামলার যৌক্তিকতা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, '৪৭ বছর ধরে ইরানি শাসনব্যবস্থা আমেরিকা ধ্বংস হোক শ্লোগান দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র, আমাদের সৈন্য ও অনেক দেশের নিরপরাধ মানুষকে লক্ষ্য করে রক্তপাত ও ব্যাপক হত্যাকাণ্ডের নিরবচ্ছিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে।'
হামলার সময় তিনি ইরানিদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ করেন এবং এরপর বলেন, 'আমাদের কাজ শেষ হলে, আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই হবে।'
