যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে আটক ৫ বছরের শিশু ও তার বাবাকে মুক্তির নির্দেশ বিচারকের
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসীবিরোধী অভিযানে আটক পাঁচ বছরের এক শিশু ও তার বাবাকে টেক্সাসের ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। তাদের আটকের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে এই রায় দেন আদালত।
শনিবার দেওয়া এক রায়ে ইউএস ডিস্ট্রিক্ট জজ শিশু লিয়াম কোনেজো রামোসের আটকাদেশকে 'অবৈধ' বলে ঘোষণা করেন।
নীল রঙের বানি হ্যাট আর স্পাইডারম্যানের স্কুলব্যাগ কাঁধে শিশু লিয়ামের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। মিনেসোটায় সেই শিশু ও তার বাবাকে বন্দি রাখা নিয়ে মানবাধিকার কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল।
বিচারক তার রায়ে লিখেছেন, 'প্রতিদিন কতজনকে আটক করা হবে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অত্যন্ত অদূরদর্শী ও অদক্ষভাবে এই অভিযান চালানো হয়েছে। এমনকি এ জন্য শিশুদের মনে আঘাত দিতেও পিছপা হয়নি সরকার।'
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসন আইনের কারণে তাদের হয়তো নিজ দেশে ফিরে যেতে হতে পারে, তবে তা অবশ্যই বর্তমান নীতির চেয়ে অনেক বেশি মানবিক ও সুশৃঙ্খল উপায়ে হওয়া উচিত।
হোয়াইট হাউসের পলিসি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এর আগে জানিয়েছিলেন, প্রতিদিন ৩ হাজার অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মিনেসোটায় বর্তমানে যে অভিযান চলছে, তা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ফেডারেল অভিবাসন অভিযান। প্রায় ৩ হাজার এজেন্ট এই অভিযানে অংশ নিচ্ছেন। এই অভিযানকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে এবং ফেডারেল এজেন্টদের হাতে ইতিমধ্যে দুজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এর ফলে মিনেসোটা ছাড়িয়ে পুরো যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী, লিয়ামসহ অন্তত চারজন শিক্ষার্থী এই মাসে গ্রেপ্তার হয়েছে। স্কুলের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক অভিযোগ করেন, গত ২০ জানুয়ারি লিয়ামকে তার বাড়ির সামনের গাড়ি থেকে আটক করা হয়।
পরিবারের অন্য সদস্যদের ধরিয়ে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশে তাকে নিজের ঘরের দরজায় টোকা দিতে বাধ্য করা হয়।
তবে সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন দাবি করেছেন, লিয়ামের বাবা যখন গ্রেপ্তার হচ্ছিলেন, তখন শিশুটির 'নিরাপত্তার স্বার্থে' একজন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আইসিই-এর এই অভিযানের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের গ্রেপ্তার শিশুদের জন্য কষ্টদায়ক হলেও শুধু 'অভিভাবক' হওয়ার কারণে কেউ আইনের হাত থেকে রেহাই পেতে পারেন না।
ট্রাম্প প্রশাসনের দাবি, লিয়ামের বাবা কোনেজো আরিয়াস ২০২৪ সালের ডিসেম্বরে ইকুয়েডর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তবে পরিবারের আইনজীবীর দাবি, তারা নিয়ম মেনেই আশ্রয়ের আবেদন করেছেন এবং সেই প্রক্রিয়া চলাকালীন তাদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার অধিকার রয়েছে।
