চীনে বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১
উত্তর-পশ্চিম চীনের নিংজিয়া অঞ্চলে বুধবার (২১ জুন) রাতে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।
নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে অবস্থিত রেস্তোরাঁটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
ভাঙা কাঁচ এবং পোড়া থেকে ক্ষতস্থান সারাতে এখনও সাতজন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সর্বাত্মক পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন; পাশাপাশি প্রধান প্রধান শিল্প খাতগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বলেছেন।
তবে গত কয়েক বছরের নিরাপত্তা সুবিধা বৃদ্ধির প্রচেষ্টার পরেও গ্যাস এবং রাসায়নিক পদার্থজনিত বিস্ফোরণ লোপ পায়নি চীনে।
২০১৫ সালে উত্তরের বন্দর শহর তিয়ানজিনে একটি ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়।
