এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মো. বাহাজ উদ্দিন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ দুই আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন সাবেক যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।
এরও আগে সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. শাহীন খন্দকার, মো. জসিম ও মো. শাহাদাত হোসেন নামের তিন ব্যক্তি আহত হন।
ঘটনার পর এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি, মো. ইউনুস আলী ও আজহারুল ইসলাম তামিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার থানায় পৃথক মামলা দায়ের করেন।
এরপর মঙ্গলবার ভোরে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুবলীগের দুই নেতা-কর্মীকে আটক করে।
