দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরান। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৩৯তম জন্মদিনের ঠিক আগের দিন চলে গেলেন আফগান ক্রিকেটের এই পরিচিত মুখ।
শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় বোর্ড বলেছে, 'গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি।'
গত বছরের অক্টোবরে আফগানিস্তানে অসুস্থ হয়ে পড়েন শাপুর। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্ত্রী ও আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগার আফগান তাকে ভারতে নিয়ে আসেন।
চিকিৎসকদের মতে, তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে রোগপ্রতিরোধ ব্যবস্থার একটি বিরল ও প্রাণঘাতী জটিলতায় আক্রান্ত ছিলেন। এ রোগে শরীরের কিছু শ্বেত রক্তকণিকা সুস্থ রক্তকণিকাকেই আক্রমণ করে, ফলে রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে পারে।
আফগানিস্তান ক্রিকেটের পথিকৃৎ পেসারদের একজন ছিলেন শাপুর জাদরান। ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে তিনি দেশের হয়ে ৪৩টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গতি, আক্রমণাত্মক বোলিং এবং উইকেট নেওয়ার পর উদযাপনের স্বতন্ত্র ভঙ্গির জন্য তিনি সমর্থকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের অভিষেক দলে ছিলেন তিনি। ওই আসরে ছয় ম্যাচে ১০ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ২০১৭ সালে আফগানিস্তান টেস্ট মর্যাদা পেলেও দেশের হয়ে কখনো টেস্ট খেলার সুযোগ হয়নি তার।
