কেন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন গ্রামীণফোনের সিইও?
'প্রতারণা ও চুরির' অভিযোগে সাবেক এক কর্মীর করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন। ২৬ অক্টোবর রবিবার ঢাকার মহানগর হাকিম রৌনক জাহান তাকির আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী এহেসানুল হক সমাজী জানান। জামিন পাওয়া অপর দুজন হলেন- গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউমান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন।
