ভারতের নাগরিকত্ব আইনে কী পরিবর্তন এলো?
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ) আওতায় আবেদন করার সময়সীমা দশ বছর বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন, তবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন সিদ্ধান্তে ১০ বছরের ছাড় দেওয়ায় আশ্রয়প্রার্থী অনেক মানুষের সামনে উন্মোচিত হলো নতুন সুযোগ।
