‘দ্য ফ্যামিলি ম্যান ২’ খ্যাত প্রিয়মণিকে ৩০০ টাকা দিয়েছিলেন শাহরুখ! কেন জানেন?
বিভিন্ন সাক্ষাৎকারে বলিউড তারকা শাহরুখ খানের নম্র ব্যবহার ও ভদ্রতার প্রশংসা শোনা গেছে তার সহকর্মীদের কাছ থেকে। বলিউড তো বটেই, এমনকি সুদূর দক্ষিণী বিনোদন জগতের তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি।
সম্প্রতি এই তালিকায় যোগ হলেন 'দ্য ফ্যামিলি ম্যান ২' খ্যাত দক্ষিণী তারকা-অভিনেত্রী প্রিয়মণি। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী শাহরুখের সঙ্গে 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে তার কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময়ে 'বাদশাহ' সমন্ধে উচ্ছ্বসিত তারিফ করেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি 'চেন্নাই এক্সপ্রেস'-এ ' ১, ২, ৩, ৪...' নামের আইটেম নম্বরের ছন্দে শাহরুখের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছিল তাকে। জানালেন, সেই গানের শুটিং চলাকালীনই তাকে ৩০০ টাকা দিয়েছিলেন শাহরুখ, যা তিনি আজও নিজের কাছে সযত্নে রেখে দিয়েছেন!
কেন ৩০০ টাকা তাকে দিয়েছিলেন 'কিং খান'? সে প্রশ্নের জবাবও দিয়েছেন অভিনেত্রী নিজেই।
তার আগে প্রথমবার শাহরুখের ব্যাপারে কাজ করার ব্যাপারে প্রিয়মণি বলেন, "চেন্নাই এক্সপ্রেসের এই গানের জন্য মোট ৫ দিনের শুট ছিল। হইচই করে জমিয়ে শুটিং সেরেছিলাম আমরা। তখনই টের পেয়েছিলাম কেন শাহরুখকে 'বাদশাহ' বলা হয়। উনি যে আমাদের দেশের অন্যতম সেরা তারকা, এই নিয়ে যেমন কোনো সন্দেহ নেই, তেমনই এটাও ঠিক, খ্যাতিকে কখনোই নিজের মাথায় চড়তে দেন না তিনি। এত বড় সুপারস্টার হয়েও আর পাঁচজন মানুষের মতোই ভীষণ সাধারণ তিনি। সেবারই বুঝেছিলাম, তার আশেপাশে থাকা মানুষ এবং সহকর্মীদের সুবিধা-অসুবিধার দিকে তীক্ষ্ণ নজর তার। তারকা হিসেবে ছেড়েই দিন, শাহরুখের মিষ্টি ব্যবহারেই তাকে ভালো না বেসে উপায় থাকে না!"
এরপরেই ওঠে সেই ৩০০ টাকার প্রসঙ্গ। দক্ষিণী সুন্দরীর কথায়, "একদিন শুটিং শেষে শাহরুখ ও সেটের অনেকে মাইল জোর আড্ডা দিচ্ছি। হাসি, মজা চলছে। এমন সময় আড্ডাটাকে আরও জমাট করে তোলার জন্য নিজের আই প্যাড বের করে আমার সঙ্গে 'কৌন বনেগা ক্রোড়পতি' খেলা শুরু করলেন শাহরুখ। হাসতে হাসতে আমিও অংশগ্ৰহণ করলাম। সেই খেলাতে প্রশ্নের ঠিকঠাক জবাব দেওয়ার জন্য ৩০০ টাকা আমাকে দিয়েছিলেন শাহরুখ! সেই স্মৃতি ও পুরস্কার আমার কাছে আজও অমূল্য।"
