গাজায় যুদ্ধবিরতিতে যাওয়ার সম্ভাবনা দেখছেন হামাসের শীর্ষ নেতা
টানা দ্বিতীয় সপ্তাহের মতো সংঘাত চলতে থাকলেও দু-একদিনের মাঝে ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে পৌঁছাবে বলে আশা করেছেন ফিলিস্তিনি সংগঠন হামাসের একজন শীর্ষ নেতা।
তবে বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েলি নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক মুখপাত্র মুসা আবু মারজুক বলেন, "আমার মনে হয় যুদ্ধবিরতি নিয়ে চলতে থাকা প্রচেষ্টা সফল হবে।"
তিনি আরও বলেন , "আমি দুই-এক দিনের মধ্যেই যুদ্ধবিরতিতে যাওয়ার আশা করছি। দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতেই যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে।"
আন্তর্জাতিকভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বাড়তে থাকা চাপের মুখে শোনা গেলো এই বক্তব্য।
বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর চতুর্থবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেন।
- সূত্র-বিবিসি
