ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা। তার পৈত্রিক নিবাস বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা সম্পন্ন করেছেন। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা কারণে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য সুনাম অর্জন করেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা— 'যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।
তবে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে পুলিশের বল প্রয়োগের ঘটনার জন্য তিনি কিছুটা সমালোচিতও হন।
রমনা বিভাগের ডিসি হিসেবে যোগদানের আগে মাসুদ আলম পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।
