সেন্টমার্টিনের পাশে সমুদ্রে বিকল নৌকা থেকে মালয়েশিয়াগামী ১১৯ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী বিকল একটি কাঠের নৌকাসহ ১১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের একটি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃতদের কক্সবাজারের টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সূত্রটি বলছে, কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিশেষ একটি টহল দলের সদস্যরা সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে সমুদ্রে বিকল হয়ে ভাসমান থাকা একটি কাঠের বোট এবং বোটে থাকা ১১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর সন্ধান পাওয়ার পর তাঁদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ, ৫৮ জন নারী এবং ১৪ জন শিশু রয়েছে। তবে এ সময় মানব পাচারকারী কোন দালাল সনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠাতে বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় সিজি স্টেশন কমান্ডার লে. এম জোসেল রানা (এক্সবিএন)’র নেতৃত্বে একটি দল টেকনাফের উদ্দেশ্যে রওনা হন।
সন্ধ্যায় তারা ঘাটে পৌঁছার পর উদ্ধারকৃতদের স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।
