আবারও শাখতারে কুপোকাত রিয়াল মাদ্রিদ
আগের লেগে শাখতার দোনেৎস্কের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরের লেগে তাই প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করাও লক্ষ্য ছিল জিনেদিন জিদানের শিষ্যদের। কিন্তু সব আশায় গুড়েবালি। এবারও শাখতার বাধা পেরোনো হয়নি স্প্যানিশ জায়ান্টদের।
চ্যাম্পিয়ন্স লিগের 'বি' গ্রুপের ম্যাচে মঙ্গলবার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে শাখতার দোনেৎস্ক। আগের লেগে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছিল ইউক্রেনের দলটি। দ্বিতীয় লেগেও হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গেছে রিয়াল মাদ্রিদ। শাখতারের হয়ে গোল দুটি করেছেন দেনতিনহো ও মানোর সলোমন।
আরেক ম্যাচে হতাশ হতে হয়েছে ম্যানচেস্টার সিটিকেও। পোর্তার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পেপ গার্দিওয়লার দল। অবশ্য আগেই নক আউট পর্ব নিশ্চিত করায় ম্যান সিটির তেমন ক্ষতি হয়নি। তবে এই ড্রয়ে 'সি' গ্রুপ থেকে নক আউট পর্বে উঠে গেছে পর্তুজিগ ক্লাব পোর্তো।
বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটিও ড্র হয়েছে। ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো। এই ড্রয়ে স্প্যানিশ দলটির নক আউট পর্বে ওঠা ঝুলে গেল। আগের লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে নক আউট পর্ব নিশ্চিত করে বায়ার্ন।
জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। আয়াক্সকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল। এ ছাড়া অন্যান্য ম্যাচে মনচেনগ্লাডবাগকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে নক আউট পর্বে ওঠার আশা টিকে রইলো ইতালিয়ান জায়ান্টদের। অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে অলিম্পিক মার্শেই। আতালান্তা ও মিতিজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।
