ডাচ-বাংলার টাকা ছিনতাই: উদ্ধার আরও ২ কোটি ৫৩ লাখ, গ্রেপ্তার ৮
রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হলো ৬ কোটি ৪৩ লাখ ৫০০ টাকা।
রোববার (১২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে গত রাতে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সাভার ইপিজেড এলাকার এটিএম বুথগুলোতে নিয়ে যাওয়ার সময় ডাচ-বাংলা ব্যাংকের প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়।
ডাচ বাংলা ব্যাংকের টাকা পরিবহনের দায়িত্বে থাকা নিরাপত্তা সংস্থা মানিপ্ল্যান্ট লিংক (প্রাইভেট) লিমিটেডের একটি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।
