ভারতে লকডাউনের বাড়ল ৩ মে পর্যন্ত
টানা তিন সপ্তাহ ধরে চলমান লকডাউনের মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রাজ্য সরকারগুলোও জনস্বাস্থ্যের সুরক্ষায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির সম্মতি দিয়েছে। এই প্রেক্ষিতে আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩ মে পর্যন্ত চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেন। খবর রয়টার্সের।
জনসংখ্যার বিচারে ভারতের লকডাউনই বিশ্বের মাঝে বৃহত্তম। আজ টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মোদি লকডাউন বৃদ্ধির ঘোষণাটি দেন।
এসময় তিনি বলেন, 'দেশের যেসব প্রান্তে এখনও কোভিড-১৯ ভাইরাস হানা দেয়নি, সেসব স্থানকে সুরক্ষিত রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই আগামী ৩ মে পর্যন্ত ভারতবাসীকে লকডাউনের মধ্যে থাকতে হবে। দেশের সকল স্থানে ভাইরাসের বিস্তার আটকাতে আমি সকল ভারতীয়র প্রতি অনুরোধ জানাই।'
এদিকে মোদির বক্তব্যের সময়েই দেশটির সরকারি তথ্যসূত্রে জানা গেছে, আক্রান্তের সংখ্যা সেদেশে এখন ১০ হাজার ৩৬৩ জন। এদের মধ্যে ৩৩৯ জন মারা গেছেন।
