শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে: দিল্লিতে সরকারের সঙ্গে বৈঠক শেষে ‘ককরোচ পার্টি’
ভারতের কেন্দ্রীয় সরকার এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি 'নিরপেক্ষ ভেন্যুতে' বৈঠক করার বিষয়ে সিজেপির দাবি মেনে নেয় কেন্দ্রীয় সরকার। পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে একটি নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সন্তুষ্ট নয় সিজেপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে সরকার যদি সত্যিই 'কঠোরতম ব্যবস্থা' নিতে চায়, তবে তার প্রথম পদক্ষেপ হওয়া উচিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে অপসারণ করা।
তারা জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ব্যাপারে কোনো আপস হবে না।
সিজেপির মতে, শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের দায় এড়াতে পারেন না।
এদিকে, গত ২০ জুলাই নয়াদিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রা চলাকালীন নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) 'পেলেট গান' ব্যবহারের খবর নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) শুক্রবার (২৪ জুলাই) জানিয়েছে, তারা গণমাধ্যমে প্রকাশিত এই অভিযোগগুলো যাচাই করে দেখছে।
উল্লেখ্য, তিন দিন আগে দৈনিক 'দ্য হিন্দু' এক প্রতিবেদনে জানায়, ভারতের রাজধানী দিল্লিতে বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর পেলেট গান ব্যবহারের এটিই প্রথম ঘটনা। এই প্রতিবেদন প্রকাশের পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিআরপিএফ।
অন্যদিকে, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ার পর অনির্দিষ্টকালের অনশন ভেঙেছেন দেশটির বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং তার সঙ্গে সাক্ষাৎ করে সরকারের আশ্বাস পৌঁছে দিলে তিনি অনশন ভাঙার ঘোষণা দেন।
