মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার নির্মাণকাজ শুরু করেছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। ২০২৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা করেছে প্রতিষ্ঠানটি।
এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড এমইপি গ্রুপের একটি সহোযোগী প্রতিষ্ঠান।
রোববার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা এ তথ্য জানিয়েছে।
বেজা জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে বাস্তবায়ন হওয়া এ প্রকল্পে এনএসইজেডের প্রায় ১০ একর জমিতে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক পণ্য উৎপাদন ক্লাস্টার গড়ে তোলা হবে। পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালু হলে প্রায় ২ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
কারখানাটিতে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও 'মেড ইন বাংলাদেশ' ব্র্যান্ডের বৈদ্যুতিক পণ্যের রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা করেছে।
এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, তার প্রতিষ্ঠান একটি বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মেইড ইন বাংলাদেশ বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল মিরসরাই, চট্টগ্রামে একটি আধুনিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে ভূমি লিজ চুক্তি সই হয়।
বেজা সম্প্রতি লিজ চুক্তির বিভিন্ন ধারায় পরিবর্তন এনেছে এবং বিনিয়োগকারীদের মাঠ পর্যায়ে কাজ ত্বরান্বিত করতে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়ন কাজের জন্য একটি সময়াবদ্ধ পরিকল্পনা তৈরি করে দিয়েছে। এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড উক্ত সময়াবদ্ধ পরিকল্পনা যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ কার্যক্রম শুরু করেছে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ১৭টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০টি প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। সাগর তীরের ২৫ কিলোমিটার দৈর্ঘ্যে গড়ে ওঠা দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান ছাড়াও নগর ব্যবস্থার সব সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হচ্ছে।
