রাশিয়ার ওপর থেকে অলিম্পিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার
রাশিয়ার ওপর আরোপিত অলিম্পিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এর ফলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে রাশিয়ার পতাকার অধীনে পূর্ণাঙ্গভাবে প্রতিযোগিতায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
ডোপিং কেলেঙ্কারি এবং পরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ২০১৮ সাল থেকে রাশিয়ার ক্রীড়াবিদরা নিরপেক্ষ পতাকার অধীনে অথবা রাশিয়ান অলিম্পিক কমিটির প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতায় অংশ নিতে বাধ্য হন।
তবে মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান অলিম্পিক কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ সাময়িকভাবে প্রত্যাহার করেছে।
আইওসির এক বিবৃতিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড ২০২৩ সালের ১২ অক্টোবর থেকে কার্যকর থাকা রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) স্থগিতাদেশ সাময়িকভাবে প্রত্যাহার করেছে। আইওসির আইনবিষয়ক কমিশনের বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বলা হয়েছে, 'পর্যালোচনায় দেখা গেছে, ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির এখতিয়ারভুক্ত অঞ্চলগুলোর কোনো আঞ্চলিক ক্রীড়া সংস্থা এখন আর রাশিয়ান অলিম্পিক কমিটির সদস্য নয়।
আরও বলা হয়েছে, 'এছাড়া আরওসি নিশ্চিত করেছে যে, তারা ওই অঞ্চলগুলোতে কোনো কার্যক্রম পরিচালনা করে না এবং ভবিষ্যতেও করবে না। ওই অঞ্চলগুলোতে আরওসির যেকোনো কার্যক্রমের ওপর আইওসির নির্বাহী বোর্ড নিবিড় নজরদারি অব্যাহত রাখবে এবং প্রয়োজন মনে করলে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করবে।'
আইওসির পর্যালোচনায়ও উপসংহারে বলা হয়েছে, ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির এখতিয়ারভুক্ত অঞ্চলগুলোর কোনো ক্রীড়া সংস্থা এখন আর রাশিয়ান অলিম্পিক কমিটির অন্তর্ভুক্ত নয়।
