যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বর্তমানে খুব ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে। ইরান অনেক দূর এগিয়ে এসেছে। এবং সম্প্রতি কাতারে অনুষ্ঠিত বৈঠকগুলোও ফলপ্রসূ হয়েছে।
তিনি বলেন, 'ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে। এখন দেখা যাক সামনে কী হয়।'
বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সূত্র এবং এক ইরানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, বুধবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সমঝোতায় পৌঁছানো এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে কুশনার ও উইটকফ সরাসরি আলোচনায় অংশ নেননি। তারা মূলত আলোচনার ভিত্তি প্রস্তুত করতেই ওই বৈঠক করেন।
