‘সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়’ অর্জিত হয়েছে: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ট্রাম্প
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে 'সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বিজয়' অর্জন করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
যুদ্ধবিরতির মাধ্যমে তিনি বিজয় দাবি করছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটি একটি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজয়। শতভাগ। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।'
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে। তিনি এই প্রস্তাবটিকে আলোচনার জন্য একটি 'কার্যকর ভিত্তি' হিসেবে অভিহিত করেছেন।
তবে চুক্তিটি কোনো কারণে ভেস্তে গেলে ইরানের বেসামরিক বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো ধ্বংস করার বিষয়ে তার আগের হুমকি কার্যকর বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, 'সেটি আপনাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে।'
এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যেকোনো শান্তি চুক্তির আওতায় ইরানের পারমাণবিক উপকরণের বিষয়টিও নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত থাকবে। তবে ইউরেনিয়ামের ঠিক কী হবে—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, 'এটির বিষয়ে একটি নিখুঁত ব্যবস্থা নেওয়া হবে, তা না হলে আমি এই সমঝোতায় আসতাম না।'
পুরো যুদ্ধ চলাকালীন বিভিন্ন সময় নিজের লক্ষ্য ও সময়সীমা পরিবর্তন করলেও ট্রাম্প আবারও দাবি করেছেন, ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্যগুলো এখন অর্জিত হয়েছে।
