ইলন মাস্ক কেনার পর ১০ লাখ ব্যবহারকারী হারাল টুইটার
অনেক টানাপোড়েনের পর অবশেষে গত সপ্তাহে (অক্টোবর ২৭) চুক্তি সম্পন্ন করে টুইটারের দায়িত্ব গ্রহণ করেছেন ইলন মাস্ক। এর এক সপ্তাহের মাথায় শোনা যাচ্ছে ইতোমধ্যে দশ লাখের বেশি ব্যবহারকারী হারিয়েছে এই মাইক্রোব্লগিং সাইটটি। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল-এর।
বট সেন্টিনেল নামের একটি ডেটা ফার্মের তথ্যের বরাত দিয়ে ডেইলি মেইল বলছে, ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারে (চার হাজার ৪০০ কোটি ডলার) টুইটার কেনার পর দশ লাখের বেশি ব্যবহারকারী হারিয়েছে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফার্মটি বলছে, এদের মধ্যে অনেক ব্যবহারকারীকে টুইটারের পক্ষ থেকেই বহিষ্কার করা হয়েছে এবং অনেকে প্রতিবাদস্বরূপ স্বেচ্ছায় একাউন্ট ডিয়্যাক্টিভেট করেছেন।
টুইটারে কৃত্রিম আচরণ চিহ্নিত করার জন্য প্রায় ৩০ লাখের অধিক একাউন্ট এবং তাদের কার্যক্রম তদারকি করে বট সেন্টিনেল। ধনকুবের ইলনের টুইটার কেনার সময় অর্থাৎ ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আনুমানিক আট লাখ ৭৭ হাজার টুইটার একাউন্ট ডিয়্যাক্টিভেট এবং চার লাখ ৯৭ হাজার একাউন্ট বহিষ্কার করা হয়েছে, এমন তথ্য দিয়েছে ডেটা ফার্মটি। তবে এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বট সেন্টিনেল-এর প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার বাউজি বলেন, 'আমরা বিশ্বাস করি ইলন মাস্কের টুইটার কেনায় অনেক ব্যবহারকারী অসন্তুষ্ট হয়ে প্রতিবাদস্বরূপ তাদের একাউন্ট ডিয়্যাক্টিভেট করার সিদ্ধান্ত নিয়েছেন। আর একাউন্ট বহিষ্কারের ক্ষেত্রে আমরা মনে করি টুইটারের নিয়মাবলী লঙ্ঘন করায় বাকস্বাধীনতা সুগম করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'এভাবে ব্যবহারকারীরা গণহারে তাদের একাউন্ট ডিয়্যাক্টিভেট করতে থাকলে এটি প্ল্যাটফর্মটির জন্য বড় ধরণের সমস্যা হয়ে দাঁড়াতে পারে।'
এছাড়াও ভিপিএনওভারভিউ নামক একটি সিকিউরিটি ফার্ম জানায়, ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে 'হাউ টু ডিলিট টুইটার' লিখে সার্চ করার পরিমাণ ৫০০ শতাংশ বেড়েছে।
বট সেন্টিনেল-এর তথ্যমতে, বর্তমানে টুইটারের প্রায় ২৩৭ মিলিয়ন (২৩ কোটি সত্তর লাখ) মনেটাইজেবল একাউন্ট রয়েছে যেগুলো দৈনিক সক্রিয়।
