স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজ থেকে অবসরের ইঙ্গিত টম হল্যান্ডের; ‘ব্র্যান্ড নিউ ডে’র পর বিদায় নিতে ‘প্রস্তুত’
স্পাইডার-ম্যানের মাস্ক তুলে রাখতে প্রস্তুত ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। 'ফ্রেন্ডলি নেইবারহুড সুপারহিরো' হিসেবে নিজের অধ্যায়ের ইতি টানতে চান তিনি। স্পাইডার-ম্যান হিসেবে নিজের চতুর্থ একক সিনেমা মুক্তির আগে টম জানান, এরপর 'বিদায় নিয়ে চলে যাওয়াটাই' তার কাছে তৃপ্তির হবে। এর মাধ্যমে বড় পর্দায় দেখা যেতে পারে নতুন কোনো স্পাইডার-ম্যানকে।
সম্প্রতি 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' মুক্তির আগে এম্পায়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে এই ফ্র্যাঞ্চাইজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন টম হল্যান্ড।
তিনি বলেন, 'পরবর্তীতে যে-ই আসুক না কেন—সে মাইলস মোরালেস হোক, স্পাইডার-গোয়েন হোক কিংবা স্পাইডার-উইমেন—নতুন অধ্যায়ের জন্য পথ তৈরি করে দিতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। তবে নতুন সেই রূপটি দেখতে কেমন হবে, তা অবশ্য এখনো আমি জানি না ।'
আয়রন ম্যান হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের যাত্রার সঙ্গে নিজের যাত্রার তুলনা করে হল্যান্ড আরও বলেন, 'ডাউনি আমার জন্য যা করেছেন, আমি যদি নতুন কারও জন্য সেটা করতে পারি, তবে আমি পরম তৃপ্তি নিয়ে বিদায় নিতে পারব।'
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড। ২০১৬ সালে 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' সিনেমার মাধ্যমে তিনি প্রথম পিটার হিসেবে পর্দায় হাজির হন। এরপর এমসিইউতে তিনটি একক স্পাইডার-ম্যান সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার' এবং 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এও তাকে দেখা গেছে।
প্রথম অভিনেতা হিসেবে চারটি একক স্পাইডার-ম্যান সিনেমায় মূল চরিত্রে অভিনয় করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে টোবি ম্যাগুয়্যার তিনটি এবং অ্যান্ড্রু গারফিল্ড দুটি সিনেমায় অভিনয় করেছিলেন।
গুঞ্জন রয়েছে যে 'ব্র্যান্ড নিউ ডে' হয়তো স্পাইডার-ম্যান হিসেবে টমের শেষ সিনেমা হতে যাচ্ছে। এরপর এমসিইউতে স্পাইডার-ম্যানের নতুন কোনো সংস্করণ দেখা যেতে পারে। সেটি হয়তো মাইলস মোরালেস হতে পারে (যাকে ইতিমধ্যে অ্যানিমেটেড 'স্পাইডার-ভার্স' সিনেমায় দেখা গেছে)।
'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'
একই নামের কমিকের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'। এটি মূলত 'নো ওয়ে হোম' সিনেমার পরের ঘটনা নিয়ে এগোবে। এখানে পিটার পার্কার এমন এক পৃথিবীতে বাস করছেন, যেখানে তার প্রিয়জনেরা তাকে আর চিনতে পারেন না, কিন্তু তিনি স্পাইডার-ম্যান হিসেবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
এ ছাড়া আগামী ১৭ জুলাই মুক্তি পেতে যাওয়া ক্রিস্টোফার নোলানের 'দ্য ওডিসি' সিনেমাতেও দেখা যাবে টম হল্যান্ডকে।
