৯৩ বছর বয়সে মারা গেলেন ইতালিয়ান ফ্যাশন আইকন ভ্যালেন্টিনো
ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্টিনো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভ্যালেন্টিনো নামেই বিশ্বজুড়ে পরিচিত ছিলেন এই ডিজাইনার।
বিংশ শতাব্দীর ফ্যাশন জগতের অন্যতম এই দিকপাল ১৯৬০ সালে ভ্যালেন্টিনো ফ্যাশন হাউসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। জর্জিও আরমানি ও কার্ল ল্যাগারফেল্ডের মতো শীর্ষ ডিজাইনারদের সঙ্গে তার নাম উচ্চারিত হতো।
তার নকশা করা পোশাক পরেছেন এলিজাবেথ টেইলর, ন্যান্সি রিগ্যান, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টস এবং গিনেথ পাল্ট্রোর মতো বিশ্বখ্যাত তারকারা।
ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে 'ভ্যালেন্টিনো গারাভানি অ্যান্ড জিয়ানকার্লো গিয়াম্মেত্তি ফাউন্ডেশন' জানিয়েছে, রোমে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়ে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ফাউন্ডেশন জানিয়েছে, ২১ ও ২২ জানুয়ারি রোমের পিয়াজ্জা মিগনানেল্লিতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ভ্যালেন্টিনোর মরদেহ রাখা হবে। পরদিন 'বেসিলিকা অফ সেন্ট মেরি অফ দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড মার্টিয়ার্স'-এ তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৩২ সালের মে মাসে ইতালির লম্বার্ডিতে জন্মগ্রহণ করেন ভ্যালেন্টিনো। বিলাসিতা, প্রাচুর্য ও আভিজাত্যের ছোঁয়াই ছিল তার কালেকশনের মূল বৈশিষ্ট্য। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্যারিসে পাড়ি জমান এবং 'শ্যম্বার সিন্ডিক্যাল ডি লা কুচার প্যারিসিয়েন'-এ পড়াশোনা করেন। এরপর তিনি জ্যাক ফ্যাথ, বালেনসিয়াগা, জ্যঁ দেসেস এবং গাই লারোচের মতো ডিজাইনারদের সঙ্গে কাজ করেন।
স্পেন ভ্রমণের সময় লাল রঙের প্রতি তার বিশেষ ভালোবাসা জন্মায়। পরবর্তীতে 'ভ্যালেন্টিনো রেড' নামে তার সিগনেচার রং এবং আইকনিক 'ফিয়েস্তা ড্রেস' ব্র্যান্ডটিকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। এই লাল রং তার ফ্যাশন হাউসের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, ২০০৮ সালে তার শেষ কালেকশনের ফিনালেতে সব মডেল লাল পোশাকে মঞ্চে হেঁটেছিলেন।
২০১৩ সালের জুনে সুইডেনের প্রিন্সেস ম্যাডেলিন তার বিয়েতে ভ্যালেন্টিনোর নকশা করা পোশাক পরেছিলেন। ২০২৩ সালের ডিসেম্বরে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে তাকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
ব্রিটিশ ভগের সাবেক প্রধান সম্পাদক আলেকজান্দ্রা শুলম্যান বিবিসি রেডিও ফোরকে বলেন, ভ্যালেন্টিনোর প্রতিটি কাজই গ্ল্যামার ও বিলাসিতার প্রতীক ছিল।
শুলম্যান বলেন, 'এটি খুবই দুঃখজনক খবর। কারণ তিনি আধুনিক যুগের মহান ডিজাইনারদের মধ্যে শেষ দিকের একজন ছিলেন। তিনি নিজেকে সব সময় সবচেয়ে ফ্যাশনেবল বা আধুনিক প্রমাণের চেষ্টা করেননি, তিনি শুধু সুন্দর পোশাক তৈরি করতে চেয়েছিলেন—এবং তিনি তা পেরেছিলেন।'
গত ১৫ বছরে গিনেথ পাল্ট্রো, নিকোল কিডম্যান এবং জেনিফার লোভেজের মতো হলিউড তারকারা ভ্যালেন্টিনোর পোশাকের বড় ভক্ত ছিলেন। শুলম্যান বলেন, 'রেড কার্পেট কালচার জনপ্রিয় হওয়ার পর তার কদর আরও বেড়েছিল। কারণ তার পোশাকগুলো অফিসে পরে যাওয়ার মতো ছিল না, সেগুলো ছিল সত্যিই অসাধারণ গাউন।'
