'থ্রি ইডিয়টস'-এর র্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
অভিনেতা আমির খান অবশেষে শিক্ষা সংস্কারক ও কর্মী সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন নিয়ে নীরবতা ভাঙলেন।
আমির খান দীর্ঘদিন ধরে প্রচলিত সেই ধারণা নিয়েও কথা বলেছেন, যেখানে মনে করা হয় যে, 'থ্রি ইডিয়টস' সিনেমায় তার অভিনীত চরিত্র র্যাঞ্চো সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। অভিনেতা পরিষ্কার করে জানিয়েছেন, এই ধারণাটি সঠিক নয়।
তবে আমির খান বলেছেন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের বিষয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং আশা করছেন, তিনি দ্রুত তার অনশন শেষ করবেন।
গতকাল বৃহস্পতিবার আমির খান লন্ডন ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে 'লাগান' সিনেমার বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।
সিনেমাটি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এর দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে আয়োজিত এক বিশেষ আলোচনায় অংশ নেন আমির খান। অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।
আলোচনার একপর্যায়ে আমির খানকে সোনম ওয়াংচুক সম্পর্কে প্রশ্ন করা হয়। কারণ অনেকেই মনে করেন, বক্স অফিসে ব্যাপকভাবে সফলতা পাওয়া সিনেমা 'থ্রি ইডিয়টস'-এর জনপ্রিয় চরিত্র র্যাঞ্চো সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত।
আলোচনায় সোনম ওয়াংচুকের চলমান অনির্দিষ্টকালের অনশনের বিষয়টিও উঠে আসে। এ সময় অভিনেতার কাছে এ বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়।
সোনম ওয়াংচুক 'থ্রি ইডিয়টস'-এর চরিত্রের অনুপ্রেরণা কি না, এ প্রসঙ্গে আমির খান বলেন, 'না, আসলে এটি সত্য নয়। এটি একটি ভুল ধারণা। আমরা যখন "থ্রি ইডিয়টস" সিনেমাটি তৈরি করছিলাম, তখন আমি সোনম সাহেবের বিষয়ে জানতাম না।'
থ্রি ইডিয়টসে অভিনয় করা এক সহঅভিনেতার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, 'আমি সম্প্রতি চতুরের একটি ভিডিও দেখেছি, যেখানে সে এমন কথা বলেছে। কিন্তু সে ভুল বলেছে। হয়তো চতুর এমনটাই মনে করেছিল। তবে আমি বলতে চাই, র্যাঞ্চো চরিত্রের দুই লেখক রাজু ও অভিজাত (রাজকুমার হিরানি ও অভিজাত যোশি) কেউই তখন সোনম সাহেব সম্পর্কে জানতেন না। তবে সোনম সাহেব বর্তমানে যে ভালো কাজ করছেন, সেটি অবশ্যই প্রশংসনীয়।'
তিনি আরও বলেন, 'তাকে সম্মান করার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয় যে, তিনি "থ্রি ইডিয়টস"-এর কোনো চরিত্রের ভিত্তি ছিলেন কি না। আমি শুধু তথ্যের দিকটি পরিষ্কার করার জন্য বিষয়টি বলতে চেয়েছি।'
এরপর আমির খানকে সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন চালিয়ে যাওয়ার কারণে তার স্বাস্থ্যের অবনতির বিষয়ে জানতে চাওয়া হয়।
আমির খান বলেন, 'তার স্বাস্থ্য ও জীবন নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন। আমরা আশা করছি, বিষয়টির পরিণতি ভালো হবে। আমরা সবাই চাই তিনি যেন তার অনশন শেষ করেন।'
এর আগে চলতি সপ্তাহে 'থ্রি ইডিয়টস' সিনেমায় চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ওমি মানুষকে মনে করিয়ে দেন যে, আমির খানের অভিনীত চরিত্র ফুনসুখ ওয়াংডু আসলে সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত।
তিনি সবাইকে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি এবং তিনি যে দাবির জন্য আন্দোলন করছেন, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
ওমি বৈদ্য বলেন, 'আপনি কি জানেন, "থ্রি ইডিয়টস"-এর ফুনসুখ ওয়াংডু আসলে একজন বাস্তব জীবনের লাদাখি প্রকৌশলী, উদ্ভাবক, শিক্ষাবিদ ও সংস্কারক সোনম ওয়াংচুকের ওপর ভিত্তি করে তৈরি? আমি এই ব্যক্তির সঙ্গে দেখা করেছি। তিনি বেশ আকর্ষণীয় একজন মানুষ। বর্তমানে তিনি দীর্ঘ সময় ধরে অনশন করছেন। তার রক্তে শর্করার মাত্রা অনেক কমে গেছে।'
তিনি আরও বলেন, 'আমি জানি না আপনারা এ বিষয়ে শুনেছেন কি না। আমি জানি না সংবাদমাধ্যমগুলো এটি প্রচার করছে কি না। কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি চাই না ফুনসুখ ওয়াংডু মারা যাক এবং আমি মনে করি, আপনারাও তা চান না।'
সোনম ওয়াংচুকের আন্দোলন সম্পর্কে আরও তথ্য
লাদাখের প্রকৌশলী, শিক্ষা সংস্কারক ও উদ্ভাবক সোনম ওয়াংচুক ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন পালন করছেন।
তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়েছেন। এই দলটি গঠন করেছেন অভিজিৎ দীপকে।
প্রথমে কথিত নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল। তবে পরে এটি ভারতের পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে বড় একটি আন্দোলনে পরিণত হয়েছে।
আন্দোলনকারীরা ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছেন। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনার পদ্ধতিতে পরিবর্তনের জন্য পাঁচ দফা পরিকল্পনাও প্রকাশ করেছেন।
অনির্দিষ্টকালের অনশনের ১৯তম দিনে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও তিনি অনশন শেষ করতে রাজি হননি।
বরং তিনি মানুষকে অনুরোধ করেছেন, যেন তাকে খাবার খাওয়ার জন্য অনুরোধ না করা হয়।
এর পরিবর্তে তিনি সবাইকে ২০ জুলাই বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে সংসদ ভবনের দিকে আয়োজিত শান্তিপূর্ণ 'চলো সংসদ' পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেছেন, এই পদযাত্রার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের বৃহত্তর আন্দোলনের পাশে দাঁড়াতে হবে।
এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন অভয় দেওল, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, সোনাক্ষী সিনহা, অতুল কুলকার্নি, সাইয়াজি শিন্ডে, শ্রেয়া ধন্বন্তরি এবং প্রকাশ রাজ।
