অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ জানান, সিটি করপোরেশনগুলোতে বর্তমানে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলছে। তাই ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে কমিশন কাজ করছে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা এবং সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সরকারকে শিগগিরই চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি নির্বাচন কমিশনের সামনে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
ইসি সচিবালয়ে আরএফইডি আয়োজিত এই 'ফল উৎসব' অনুষ্ঠানে অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।
