বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ বিভিন্ন খাতের কর কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার বিধানটি বাতিলের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এই বিধানটি নিয়ে জনমনে তীব্র সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সংসদে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেট থেকে এই কালো টাকা সাদা করার সুযোগ সংবলিত ধারাটি পুরোপুরি প্রত্যাহার করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এ সময় তিনি করব্যবস্থা, শুল্ক এবং বিনিয়োগ প্রণোদনা-সংক্রান্ত একাধিক প্রস্তাবও তুলে ধরেন।
প্রস্তাবগুলোর মধ্যে ছিল ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার বিধান প্রত্যাহার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর করহার কমানো।
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর জন্য করমুক্ত সুবিধা সম্প্রসারণেরও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি চিংড়ি খাত, উৎপাদনশিল্প এবং অন্যান্য দেশীয় শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানির ওপর আরোপিত শুল্ক ও কর কমানোর আহ্বান জানান তিনি।
