আমার সঙ্গে ডলার ছিল, সেটা কেউ দেখেনি, তাকেও ধরেন: আত্মপক্ষ শুনানিতে রামিসা হত্যার আসামি সোহেল
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে।
আত্মপক্ষ শুনানিতে প্রধান আসামি সোহেল বলেন, 'আমার সঙ্গে ডলার ছিল, সেটা কেউ দেখেনি। সেও তো দোষী, তাকেও ধরেন।'
আজ বুধবার (৩ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির শুরুতেই বিচারক ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ এবং ১৬ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান। এরপর আসামিদের তিনি প্রশ্ন করেন, 'আপনারা দোষী না নির্দোষ?'
সোহেল রানা বিচারকের প্রশ্নের জবাবে বলেন, 'স্যার, আমি নির্দোষ। খালাস চাই। আমার একটি ছেলে আছে, আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে ডলার ছিল, সেটা কেউ দেখেনি। তাকেও ধরেন স্যার, সেও তো দোষী।'
এরপর আসামি স্বপ্না খাতুনকে বিচারক বলেন, 'আপনার স্বামী এই ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আপনি বাসায় ছিলেন, তাকে বাধা দেননি। তাই আপনার স্বামীর যে শাস্তি হবে, আপনারও তাই হবে।'
তখন জবাবে স্বপ্না বলেন, 'স্যার, আমি নির্দোষ। আমি কিছু করিনি।'
শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
