বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত
জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদ মোল্লা নামের এক দোকানির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে বাগেরহাটের চিতলমারীর হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মুজাহিদ মোল্লা সকালে বাড়ির সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এ সময় একই এলাকার বাইজিদ ইজারাদার নামের এক ব্যক্তি তার দোকান থেকে একটি জুস কেনেন।
জুস হাতে নিয়ে বাইজিদ অভিযোগ করেন যে এটি ভালো না। তখন দোকানি মুজাহিদ মোল্লা জুসটি নিজে খেয়ে বলেন, এটি খারাপ নয়। এতে ক্ষিপ্ত হয়ে ক্রেতা বাইজিদ তার হাতে থাকা ধারাল
অস্ত্র দিয়ে মুজাহিদ মোল্লার গলায় কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা নিয়ে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন জামায়াতের আমির শেখ সোহেল বলেন, 'নিহত মুজাহিদ মোল্লা খুব ভালো মানুষ ছিলেন। সে একজন মুদি দোকানদার। একটি তুচ্ছ বিষয় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যা, স্বাভাবিকভাবে এমন করা যায় না। আমরা এর সঠিক বিচার দাবি করছি।'
চিতলমারী উপজেলা যুবদলের নেতা জয়নুল পারভেজ সুমন বলেন, 'বিচারহীনতার কারণে সমাজে অসংগতি তৈরি হয়েছে। আমরা চাই যে বিচারের সংস্কৃতি চালু হোক এবং এই যে ঘটনা ঘটেছে তা ন্যক্কারজনক। আমরা এটার এমন শাস্তি চাই, যে শাস্তি দেখে সমাজের মানুষ মনে করবে, এমন কাজের সাথে জড়িত থাকলে বিচার হয়।'
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পাই হিজলা গ্রামে মুজাহিদ নামের একজনকে বাইজিদ নামের এক ব্যক্তি কুপিয়েছে। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আমি সাথে সাথে আমার টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল প্রস্তুতির কাজ চলছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
