নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না' বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ইচ্ছার কথা জানিয়েছিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
তবে বিশ্লেষকদের মতে, নিউইয়র্ক সিটির মেয়রের নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। মামদানি বলেছেন, এ বিষয়ে তিনি তার সহযোগীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইন যতটুকু অনুমতি দেয়, ততটুকুই করবেন। শনিবার 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
সাক্ষাৎকারে মামদানি পুনর্ব্যক্ত করেন, গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তিনি বলেন, 'আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গন্তব্য হওয়া উচিত হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত)। তিনি একজন যুদ্ধাপরাধী যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। গত কয়েক বছর ধরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই আমার মতো এই একই মত পোষণ করেন।'
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই গ্রেপ্তার করা হবে না।'
তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে লড়াই করছেন, যে দেশটি সম্প্রতি ৫২ হাজার নিরীহ বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং গত ৪৭ বছর ধরে মার্কিন সেনাসহ বহু মানুষকে হত্যা করে আসছে।'
ট্রাম্প আরও বলেন, 'গ্রেপ্তার হওয়া উচিত তাদের, যারা ইরানকে এই ভয়াবহ মৃত্যু ও ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আগের প্রেসিডেন্টদেরই অনেক আগেই এ পরিস্থিতি সামাল দেওয়া উচিত ছিল। '
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা গত বছরের ২১ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গালান্ত এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
