শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল পরিচালনার জন্য জাপানিজ কনসোর্টিয়ামের সঙ্গে আগামী আগস্টের শেষ সপ্তাহে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান।
সোমবার (২০ জুলাই) দুপুরে বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
চুক্তির বিষয়ে স্পষ্ট করে আবু সাঈদ মেহ্বুব খান বলেন, 'চুক্তির আলোকে জাপানিজরা শুধু থার্ড টার্মিনালই পরিচালনা করবে। তাদের প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল পরিচালনার কোনো সুযোগ নেই।'
এ সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, 'আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের চেষ্টা চলছে।'
তিনি আরও জানান, বিমানবন্দরের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই এটি উদ্বোধন করতে চান তারা। তবে তার আগেই জাপানি কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা হবে এবং এরপরই উদ্বোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সাথে তিনি জানান, বিমানবন্দরের মতো অত্যন্ত স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানো বন্ধে তারা কঠোর অবস্থান নিচ্ছেন। তবে এই এলাকায় ড্রোন ওড়ানোর আগে সংশ্লিষ্ট সকলকে নীতিমালা ও নিয়মকানুনগুলো ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।
