কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু, উদ্ধার ১৮
কক্সবাজার-মহেশখালী নৌরুটে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। এসময় পানিতে ভাসমান অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার-মহেশখালী নৌরুটে বাঁকখালী নদীর মোহনায় এ ঘটনা ঘটেছে।
মৃত নারীর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৫০ বছর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কক্সবাজার-মহেশখালী নৌরুট স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, 'দুপুরে মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে একই সময়ে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। একপর্যায়ে স্পিডবোট দুটি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটির ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এসময় বোটটিকে পিছন থেকে দ্রুতগতিতে আসা অপর বোটটির সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোট দুটি উল্টে গেলে যাত্রীরা ছিটকে পড়ে।'
তিনি আরও বলেন, 'পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্য স্পিডবোট ও ট্রলারের সহায়তায় পানি থেকে মুমূর্ষু এক নারী এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদপ্তরের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদীবন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল বলেন, 'ঘটনাটি জানার পরপরই বিআইডব্লিউটিএ-এর কর্মীদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই স্পিডবোটের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।'
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, 'দুপুরে স্পিডবোট দুর্ঘটনায় শংকটাপন্ন অবস্থায় এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও বলেন, 'ওই নারীর নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।'
