৯০-এর চেতনায় ২৪-এ ফ্যাসিস্ট শক্তি পরাস্ত হয়েছে: তারেক রহমান
১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অর্জিত গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়েই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা আবারও এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু।
শনিবার (৬ ডিসেম্বর) 'স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস' উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, 'অবিস্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এ দিনে ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচার এরশাদের পতন এবং গণতন্ত্রের মুক্তি ঘটেছিল। ঠিক একইভাবে অর্জিত গণতন্ত্রের চেতনায় ২০২৪ সালের ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা সম্ভব হয়েছে।'
ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তিনি বলেন, 'ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর এখন গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে।'
বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করেছিলেন। সেই ধ্বংসস্তূপ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপোষহীন সংগ্রাম চালিয়েছেন এবং দুর্বার গণআন্দোলন গড়ে তুলেছিলেন।
খালেদা জিয়ার বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, 'শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল।অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে।' এসময় তিনি দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করেন।
সবশেষে তিনি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ''ণতন্ত্রবিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।'
