ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে লিটন, পিছিয়েছেন মুশফিক-মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সময় কেটেছে লিটন কুমার দাসের। স্বাগতিকদের পক্ষে লিটনই কেবল ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার মিলেছে বাংলাদেশের ডানহাতি এই ওপেনারের।
আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে গেছেন লিটন। তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের অবনতি হয়েছে। গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে করা র্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দেওয়া লিটন জেতেন সিরিজ সেরার পুরস্কার। একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করেন তিনি। এতে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন লিটন, যা তার ক্যারিয়ার সেরা।
লিটনের উন্নতি হলেও পিছিয়েছেন মুশফিক। আফগানদের বিপক্ষে প্রথম ও শেষ ওয়ানডেতে যথাক্রমে ৩ ও ৭ রান করেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৮৬ রানের ইনিংস। এরপরও দুই ধাপ পিছিয়ে ১৩ নম্বরে আছেন মুশফিক।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও দুই ধাপ পিছিয়েছেন, অভিজ্ঞ এই ওপেনার ২৩ নম্বরে আছেন। সাকিব আল হাসান আছেন ২৫ নম্বরে। উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। এক ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৭ নম্বরে আছেন ডানহাতি অফ স্পিনার মিরাজ। আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তার শিকার ৩ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন সাকিব। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান।
