তামিম বললেন, ‘পারফেক্ট সিরিজই বলতে পারি’
প্রতিপক্ষ আয়ারল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল হলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বিভিন্ন কারণে বাংলাদেশের কাছে বিশেষ হওয়ার কথা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপট দেখানোর সিরিজে ব্যাটিং-বোলিংয়ে দুই হাত ভরে সাফল্য মিলেছে তামিম ইকবালের দলের। আইরিশদের বিপক্ষে দলগত, ব্যক্তিগত বেশ কিছু রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর তাই তৃপ্তির ঢেকুর তুলে তামিম ইকবাল বললেন, 'পারফেক্ট' সিরিজ।
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৩৮ রান তোলে বাংলাদেশ, যা ছিল বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। বিশাল সংগ্রহ গড়ে তামিম-সাকিবরা ম্যাচ জেতেন ১৮৩ রানে, যা রানের হিসাবে তাদের সবচেয়ে বড় জয়। এই ম্যাচে অভিষেকেই হাফ সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যান খেলেন ৯২ রানের ঝলমলে ইনিংস, যা ওয়ানডে অভিষেকে বাংলাদেশের সেরা।
বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৪৯ রান তোলে বাংলাদেশ, যা হয়ে নতুন সর্বোচ্চ সংগ্রহ। ২৩ রানের ইনিংস খেলা তামিম প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) ১৫ রান পূর্ণ করেন। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬০ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম, তৃতীয় বাংলাদেশি হিসেবে পূর্ণ করেন সাত হাজার ওয়ানডে রান।
তৃতীয় ও শেষ ওয়ানডেতেও বাংলাদেশের শাসন জারি থাকে। আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা, যা উইকেটের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ১৩.১ ওভারেই আসে জয়, হাতে তখনও ২২১ বল। যা বেশি বল হাতে রেখে জেতার দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এই ম্যাচে আয়ারল্যান্ডের ১০টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা, যা ওয়ানডেতে বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা। এ ছাড়া পুরো সিরিজেই দেখা গেছে পেসারদের দাপট, এ যেন পেসারদের নতুন যাত্রার শুরু!
এতো পাওয়ার সিরিজটা তাই তামিমের কাছে এক কথায় 'পারফেক্ট।' সবকিছুতেই টিক দেওয়া যায় কিনা, এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, 'হ্যাঁ অবশ্যই। পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি ঘাটতি জোর করে বের করতে হয়, তাহলে বলব দ্বিতীয় ম্যাচটা ওয়াশ আউট না হলে ভালো হতো। এ ছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা তার সবই করেছি। আপনারা আজও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ না। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার। কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সে চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। তো দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি।'
পেসারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত তামিম। সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'আমি যদি শুধু এটা বলি যে তারা দারুণ বল করেছে, এটা বলাটা ভুল হবে। আমার কাছে মনে হয়, মাঠের বাইরে যে কাজটা তারা করেছে, তা এখন মাঠে কাজে দিচ্ছে। তাদের এই সফলতা ফ্লুক (হঠাৎ) নয়, তারা নেটে কঠোর পরিশ্রম করছে।'
'আপনার হাতে যখন এমন একটা ফাস্ট বোলিং বিভাগ থাকবে, তখন কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনি যেখানেই খেলছেন, হোম হোক বা অ্যাওয়ে, যে কোনো জায়গায় আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবেন। পুরো পেস বোলিং ইউনিটকে নিয়েই গর্ব হয় আমার। শুধু হাসান পাঁচ উইকেট পেয়েছে বলেই নয়, অন্য কেউ তিন-চার উইকেট পেয়েছে বলে নয়, যেভাবে তারা বল করেছে পুরো সিরিজে, সেটা বেশ তৃপ্তি দিয়েছে।' যোগ করেন তামিম।
