পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান
সত্যিই কি স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান? গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে যা ঘটছে, তা কেবল রক্তক্ষয়ী সংঘাতই নয়, বরং এক চরম রাজনৈতিক ও সামরিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে। বেলুচিস্তানের জিয়ারত এলাকায় মাঙ্গি বাঁধ পাম্পিং স্টেশনের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়ে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র বিদ্রোহীরা। এই ঘটনার পর নড়েচড়ে বসে পাকিস্তানের প্রশাসন। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের সমন্বয়ে যৌথভাবে শুরু হয় 'অপারেশন শাবান'। সরকারি তথ্য অনুযায়ী, স্থল ও আকাশপথে চালানো এই সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী বা বিদ্রোহী নিহত হয়েছে। কিন্তু এই অভিযানের তীব্রতা যত বাড়ছে, পরিস্থিতি ততটাই জটিল হয়ে উঠছে।
