সালমান এফ রহমানসহ ২৫ ব্যবসায়ীর বিচার চায় বৈছাআ
চব্বিশের গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে, দেশের শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈছাআ এর নেতাদের অভিযোগ, ২০২৪ সালের ২২ জুলাই ইন্টারনেট শাটডাউনের সময় এসব প্রভাবশালী ব্যবসায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আন্দোলন দমনে আর্থিক, লজিস্টিক ও রাজনৈতিকভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়। এতে অজ্ঞাত আরও অন্তত ২০০ জনকে আসামি করা হয়েছে। পরে প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, রাষ্ট্রীয় নিপীড়নে সরাসরি ও পরোক্ষভাবে সহায়তাকারীদের বিচারের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
