মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন। গত বৃহস্পতিবার ফিফা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভিনচিচ বলেন, 'শুরুতে আমি কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তারপরই একরাশ আনন্দ ঘিরে ধরে। আমি কাঁপছিলাম। বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা যেকোনো রেফারির কাছে স্বপ্নের মতো। আমি অত্যন্ত গর্বিত।' তিনি আরও বলেন, 'বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে নিজের দেশ স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
রোববারের ফাইনালে সহকারী রেফারি হিসেবে থাকবেন ভিনচিচের স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধাম মাখাদমেহ।
কে এই স্লাভকো ভিনচিচ?
২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন ভিনচিচ। স্লোভেনিয়ার ঘরোয়া লিগ ছাড়াও বড় বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ইউরোপীয় ফুটবলে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ মিলিয়ে এ পর্যন্ত ৭২টি ম্যাচে তিনি রেফারির ভূমিকা পালন করেছেন।
ভিনচিচের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো ২০২২ সালের ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্সের মধ্যকার ইউরোপা লিগ ফাইনাল এবং ২০২৪ সালের রিয়াল মাদ্রিদ ও ডর্টমুন্ডের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনা করা। এ ছাড়া দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও দুটি বিশ্বকাপে রেফারি হিসেবে ছিলেন তিনি।
আন্তর্জাতিক বড় টুর্নামেন্টগুলোর গত ১০টি ম্যাচে তিনি একটি লাল কার্ডও দেখাননি। তবে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে ইকুয়েডরের বিদায় নেওয়ার ম্যাচে সেই রেকর্ডে ছেদ পড়ে। ওই ম্যাচে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিংকাপিয়েকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। আর্সেনালের এই ডিফেন্ডার যখন মেক্সিকোর সান্তিয়াগো হিমেনেজের সাথে কথা বলছিলেন, তখন তিনি হাত দিয়ে মুখ লুকিয়ে রেখেছিলেন।
রিয়াল মাদ্রিদের সমালোচনা বনাম মরিনহোর প্রশংসা
রেফারি হিসেবে ভিনচিচ যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি কড়া সমালোচনার মুখেও পড়েছেন। গত এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের এদুয়ার্দো কামাভিঙ্গাকে লাল কার্ড দেওয়ায় তিনি ব্যাপক সমালোচিত হন। ওই সিদ্ধান্তকে জুড বেলিংহাম 'একটি কৌতুক' বলে অভিহিত করেছিলেন। রিয়াল মাদ্রিদের তৎকালীন কোচ আলভারো আরবেলোয়া বলেছিলেন, 'এমন সাধারণ কোনো ঘটনার জন্য আপনি একজন খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দিতে পারেন না। আমার মনে হয় না রেফারির এটি মাথায় ছিল যে কামাভিঙ্গা ইতিমধ্যে একটি হলুদ কার্ড দেখেছেন।'
তবে বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহো তার প্রতি বেশ শ্রদ্ধাশীল।
তুর্কি রেফারিদের নিয়ে মরিনহোর নানা অভিযোগের মাঝে, ২০২৫ সালে গালাতাসারাই বনাম ফেনারবাহচে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ভিনচিচকে। তখন ফেনারবাহচের বস মরিনহো বলেছিলেন, 'রেফারি আজ দুর্দান্ত ম্যাচ পরিচালনা করেছেন।'
তিনি আরও বলেন, 'শুধু এই দেশের মানুষই নয়, দেশের বাইরের যে কেউই আজ একটি দারুণ ফুটবল ম্যাচ উপভোগ করেছেন। আর আমার মনে হয়, এর পুরো কৃতিত্বই এই রেফারির।'
ভিনচিচ তার ক্যারিয়ারের ৫টি বিশ্বকাপ ম্যাচে গড়ে ৩টি করে হলুদ কার্ড দেখিয়েছেন। কার্ড দেখানোর এই হার ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত গড়ের চেয়ে কম হলেও, চলতি ২০২৬ বিশ্বকাপের গড়ের চেয়ে কিছুটা বেশি।
পরিসংখ্যান বলছে, ভিনচিচ স্পেনের জন্য বেশ পয়া। এখন পর্যন্ত স্পেনের চারটি ম্যাচে তিনি রেফারি ছিলেন, যার কোনোটিতেই হারেনি ইউরোপের এই পরাশক্তি। অন্যদিকে আর্জেন্টিনার জন্য অভিজ্ঞতাটি ঠিক উল্টো। ভিনচিচ এখন পর্যন্ত আর্জেন্টিনার মাত্র একটি ম্যাচ পরিচালনা করেছেন, আর সেটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে সেই আলোচিত ২-১ ব্যবধানে হারের ম্যাচটি। যদিও সেই হারের ধাক্কা সামলে আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল।
