'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
কোলাজ: টিবিএস
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর হতাশা, আক্ষেপ ও বেদনায় ছেয়ে গেছে ব্রিটিশ সংবাদপত্রগুলোর প্রথম পাতা। শিরোনাম, ছবি ও বিশ্লেষণে উঠে এসেছে স্বপ্নভঙ্গের সেই মুহূর্ত। এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন পত্রিকার প্রচ্ছদে কীভাবে উঠে এসেছে ইংল্যান্ডের বিদায়।
ওয়েসিসের জনপ্রিয় গান 'ওয়ান্ডারওয়াল'-এর নামের সঙ্গে শব্দের খেলা করে দ্য সান শিরোনাম দিয়েছে 'ওয়ান্ডারবল'। প্রথম পাতায় হতাশায় মাথা নিচু করে থাকা ইংল্যান্ডের খেলোয়াড়দের ছবি স্থান পেয়েছে।শিরোনামের নিচে লেখা হয়েছে, '৬০ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো; শেষ মুহূর্তে আর্জেন্টিনার গোলে ডুবে গেল সাহসী থ্রি লায়ন্স।' ১৯৬৬ সালে ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস এবারও পুনরাবৃত্তি করতে পারেনি ইংল্যান্ড।
'নাগালের ঠিক বাইরে' শিরোনাম করেছে মেট্রো। প্রথম পাতায় প্রকাশিত ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেও বলের নাগাল পাননি ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
ডেইলি মিরর শিরোনামে লিখেছে 'বিধ্বস্ত'। প্রথম পাতায় হাঁটু গেড়ে বসে হতাশায় ভেঙে পড়া জুড বেলিংহামের ছবি প্রকাশ করে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনা তুলে ধরেছে পত্রিকাটি।
'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো'—এমন শিরোনাম করেছে ডেইলি মেইল। পত্রিকাটি লিখেছে, 'হ্যারি কেইনের থ্রি লায়ন্সকে যাদের কাছে বিদায় নিতে হলো... তারা কে, তা তো সবাই জানেন।'
'আমাদের অপেক্ষা চলছেই, আর সেই অপেক্ষার সঙ্গে বাড়ছে যন্ত্রণা'—এমন শিরোনাম করেছে ডেইলি এক্সপ্রেস। প্রথম পাতায় হতাশায় মাঠে শুয়ে থাকা হ্যারি কেইনের ছবিই যেন ইংল্যান্ডের বিশ্বকাপ বিদায়ের বেদনার প্রতীক।
'সব শেষ'—এমন শিরোনাম করেছে দ্য গার্ডিয়ান। প্রথম পাতাজুড়ে জায়গা পেয়েছে বড় পর্দায় সেমিফাইনাল দেখার সময় হতাশায় স্তব্ধ হয়ে থাকা ইংল্যান্ড সমর্থকদের মুহূর্ত।
'ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি'—এমন শিরোনাম করেছে ডেইলি টেলিগ্রাফ। পত্রিকাটি লিখেছে, 'সাত মিনিটে আর্জেন্টিনার দুই গোলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের।'
