জার্মান দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, দু'পক্ষই সম্মত
জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হতে সম্মত হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির শর্তাবলীতে রাজি হয়েছেন ৫৯ বছর বয়সী এই কোচ। এই চুক্তির আওতায় ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ সালের বিশ্বকাপেও জার্মানির ডাগআউটে থাকবেন তিনি।
লিভারপুলের সাবেক এই প্রধান কোচ ২০২৫ সালের জানুয়ারি থেকে 'রেড বুল'-এর গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্বকাপে শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হেরে জার্মানি বিদায় নেওয়ার পর পদত্যাগ করেন হুলিয়ান নাগেলসম্যান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ক্লপ।
চুক্তির আনুষ্ঠানিকতার জন্য এখন কেবল শেষ ধাপের প্রক্রিয়া বাকি রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে রেড বুলের ম্যানেজিং ডিরেক্টর অলিভার মিন্টজলাফের সঙ্গে একটি বৈঠকের পর এই সমঝোতা সম্পন্ন হতে পারে, যেখানে রেড বুল থেকে ক্লপের বিদায়ের বিষয়টি চূড়ান্ত করা হবে।
ডিএফবি-এর একজন মুখপাত্র জানিয়েছেন, 'জার্মান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের বিষয়ে গতকাল নিউইয়র্কে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে প্রথম দফায় বিস্তারিত আলোচনা করেছেন ডিএফবি প্রেসিডেন্ট বার্ন্ড নয়েনডর্ফ এবং ভাইস প্রেসিডেন্ট হান্স-জোয়াকিম ওয়াটজকে। এই আলোচনায় সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলোর ওপর দুই পক্ষই একমত হয়েছে।'
তিনি আরও বলেন, 'আগামী সপ্তাহেও আলোচনা চলবে। দুই পক্ষই আশাবাদী যে, ক্লপের বর্তমান নিয়োগকর্তা রেড বুলের সঙ্গে সমঝোতা সাপেক্ষে এই আলোচনা সফলভাবে সম্পন্ন হবে। তবে যেকোনো সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার আগে ডিএফবি জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি-এর পরিচালনা পর্ষদ এবং অংশীদারদের যৌথ সভায় তা অনুমোদিত হতে হবে।'
লিভারপুলে ক্লপের সহকারী হিসেবে কাজ করা পেপ লেইন্ডার্স নতুন এই কোচিং প্যানেলে যোগ দিতে রাজি হয়েছেন। এই নতুন কোচিং দলের অধীনে জার্মানি প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে, নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে।
নাগেলসম্যানের পদত্যাগের খবর আসার পর ডিএফবি এক বিবৃতিতে জানায়, তারা এই পদের জন্য ক্লপের সঙ্গে 'আলোচনা করতে চায়' এবং ক্লপও 'ইতোমধ্যেই এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন'। এরপরই সাবেক এই লিভারপুল ম্যানেজার নিশ্চিত করেন যে, দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
ক্লপ বলেন, 'আমাকে অলিভার মিন্টজলাফের (রেড বুলের করপোরেট প্রজেক্টস অ্যান্ড ইনভেস্টমেন্টসের সিইও) সঙ্গে কথা বলতে হবে। তিনি আমার নিয়োগকর্তা। আমরা ইতোমধ্যে টেক্সট বার্তায় যোগাযোগ করেছি। আমি ধরে নিচ্ছি তিনি এতে বাধা হয়ে দাঁড়াবেন না। আমি সেখানে ১৯ মাস ছিলাম, সময়টা বেশ ভালো ছিল। শেষ পর্যন্ত যেন সবারই জয় হয়। রেড বুলের অধ্যায়টি যেন সুন্দরভাবে শেষ হতে পারে।'
২০২৩-২৪ মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার পর থেকে ক্লপ কোনো দলের কোচের দায়িত্বে ছিলেন না। ২০২৪ সালের অক্টোবরে তিনি রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে নিযুক্ত হন এবং পরের বছরের জানুয়ারিতে কাজ শুরু করেন। অ্যানফিল্ড ছাড়ার পর থেকেই বিভিন্ন দলের কোচ হওয়ার গুঞ্জনে তার নাম জড়িয়েছে। গত মার্চে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার জড়ানো গুঞ্জন নাকচ করে দিয়ে তিনি ডাগআউটে ফেরার পথ খোলা রেখে বলেছিলেন, 'কোচ হিসেবে আমার কাজ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।'
আন্তর্জাতিক ফুটবলে জার্মানির দায়িত্ব নেওয়ার মাধ্যমেই ক্লপের প্রথম জাতীয় দলের কোচিং ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে। এর আগে অ্যানফিল্ডে কাটানো ৯ বছরের গৌরবোজ্জ্বল অধ্যায়ের পূর্বে তিনি জার্মানির ক্লাব মাইনৎস ও বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্বে ছিলেন।
ক্লপের অধীনেই লিভারপুল ২০১৯-২০ মৌসুমে তাদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে। এর আগের মৌসুমে তিনি ক্লাবটিকে ১৪ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি এনে দিয়েছিলেন। এছাড়া তার অধীনে ২০২২ সালে এফএ কাপ এবং দুইবার লিগ কাপ জেতে অলরেডরা।
