দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোর।
এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। পরে গত শুক্রবার আইইডিসিআর জানায়, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে তিনজনই সুস্থ হয়েছেন।
এর পরে, শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও দুজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তারা দুজনেই প্রবাসী ছিলেন। একজন ফিরেছেন জার্মানি থেকে, অন্যজন ইতালি থেকে।
