দুই বছর পর জানা গেল গাছের রহস্য
আজকাল অন্দরসজ্জায় গাছ লাগানোর বিষয়টা অত্যন্ত চালু হয়েছে। সকলেই বাড়ির ভিতরে ও বাইরে গাছ রোপণ করার চেষ্টা করছেন, যাতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায়। আর সৌন্দর্যের বিষয়টা তো আছেই।
এদের মধ্যে অনেকেই রীতিমতো অপত্যস্নেহে গাছপালার যত্ন নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেলি উইলকসও তেমনি একজন। ভালোবাসেন গাছ লাগাতে। তার হাতে এসেছিল এক সুন্দর গাছ। ছোট্ট গাছটিকে অনেক পরিচর্যা করেন কেলি।
ঝকঝকে সতেজ চেহারার গাছগুলো সুন্দর, কচি সবুজ রঙের। কিন্তু দু'বছর পেরিয়ে গেলেও গাছে নতুন কোন পাতা গজায় না। অবশেষে কেলির কাছে উদ্ঘাটিত হল আসল সত্য। তিনি জানতে পারলেন, গাছটি প্লাস্টিকের তৈরি!
তিনি ফেসবুক পোস্টে সমস্ত ঘটনার কথা জানান। তিনি জানান, দু'বছর ধরে গাছটি তার কাছে ছিল। ঝকঝকে সবুজ নিখুঁত গাছটিকে তিনি রান্নাঘরের জানলায় রেখে দিয়েছিলেন। রোজই পানি দিতেন গাছের গোড়ায়। অন্য কেউ পানি দিলেও তিনি রেগে যেতেন।
কিন্তু এরপর একদিন ভাবলেন অন্য সুন্দর একটা টবে লাগাবেন। করতে যেতেই তিনি বুঝতে পারেন, গাছটি নকল! প্লাস্টিকের তৈরি।
কেলি জানান, তিনি গাছটিকে খুবই ভালবাসতেন। নিয়ম করে পরিষ্কার করতেন গাছের পাতাগুলো। কিন্তু শেষ পর্যন্ত জানোট পারলেন, গাছটি প্লাস্টিকের।
গাছটিকে টবের বাইরে আনতেই দেখা যায়, সেটি থার্মোকলের সঙ্গে লাগানো। এর উপরে ছিল বালি। কেলির মনে হচ্ছে, দু'বছর তিনি একটি মিথ্যের সঙ্গে বাস করেছেন।
তার এই পোস্টে অনেকেই নানা রকম কমেন্ট করেছেন। একজন জানিয়েছেন, কেলির মতো অভিজ্ঞতা অনেকেরই হয়। আর একজন লেখেন, তিনি অফিসে এমন গাছ লাগিয়েছেন, যা দেখে বাকিরা চমৎকৃত। কিন্তু তিনি আসলে প্লাস্টিকের গাছই লাগিয়েছেন।
কেলির জন্য আমাদের পরামর্শ, তিনি যেন তাড়াতাড়ি নিজের জন্য একটি সত্যিকারের গাছ নিয়ে আসেন। তাহলে আর নিরাশা থাকবে না।
