ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
ব্যাংকের কোনো সিদ্ধান্তই রাস্তায় হওয়া আন্দোলনের মাধ্যমে নির্ধারিত হবে না বলে স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের সামনে ব্যাংকের এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, যেকোনো ইস্যুতে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির বিক্ষোভ প্রদর্শন বা মত প্রকাশের অধিকার রয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ারও এখতিয়ার আছে। তবে বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার আবেগ বা চাপের ঊর্ধ্বে থেকে কেবল প্রতিষ্ঠানের জন্য যা উপযুক্ত এবং আইনগতভাবে সিদ্ধ, সেই অনুযায়ী নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে ৫ দফা দাবি উত্থাপন করেছে 'সচেতন গ্রাহক ফোরাম'।
আজ সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরা হয়। দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আরিফ হোসেন খান বলেন, 'কোনো ব্যাংককে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা সঠিক নয়। যদি কোনো ব্যাংক একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত হতে চায় বা সেই পরিচয়ে বড় হতে থাকে, তবে তা ওই ব্যাংকের স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।'
তিনি বলেন, বর্তমানের বিভিন্ন বিক্ষোভ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করছে যে, কোনো কোনো ব্যাংক বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনের সংকটে পরিণত হচ্ছে কি না। বাংলাদেশ ব্যাংকের মতে, কোনো ব্যাংকই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হতে পারে না এবং রাজনৈতিক পরিচয় কোনো ব্যাংকের অস্তিত্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
