Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইরান যুদ্ধবিরতি চেয়েছে, দাবি ট্রাম্পের; চুক্তি হোক বা না হোক দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

আল জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স
01 April, 2026, 07:00 pm
Last modified: 01 April, 2026, 10:55 pm

Related News

  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

ইরান যুদ্ধবিরতি চেয়েছে, দাবি ট্রাম্পের; চুক্তি হোক বা না হোক দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র

আল জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স
01 April, 2026, 07:00 pm
Last modified: 01 April, 2026, 10:55 pm
বিমান হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের একটি ভবন। ২৩ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (১ এপ্রিল) ৩৩তম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।


যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়া হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি-র বরাতে জানা গেছে, আরাগচি দাবি করেছেন যে ইরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেনি। কথিত এই পাঁচ দফা পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এটি গণমাধ্যমের নিছক অনুমান ছাড়া আর কিছু নয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত আগ্রাসনকারী শাস্তি পায় এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।


শত্রুদের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়ে দিয়েছে যে, হরমুজ প্রণালি 'এই জাতির [ইরান] শত্রুদের' জন্য বন্ধ রাখা হবে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, কৌশলগত এই জলপথটি বর্তমানে তাদের নৌ-বাহিনীর 'দৃঢ় ও পূর্ণ' নিয়ন্ত্রণে রয়েছে।

এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দাবি করেছিলেন যে, ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ট্রাম্প বলেন, 'হরমুজ প্রণালি সম্পূর্ণ "উন্মুক্ত, অবাধ ও নিরাপদ" হলেই কেবল যুদ্ধবিরতি হতে পারে।' 


তেহরানে সাবেক মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র আঘাত

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুধবারের বিমান হামলা আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে দূতাবাস কমপ্লেক্সের বাইরের দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় এই দূতাবাসটি দখল করা হয়েছিল এবং সেখানে ৫০ জনেরও বেশি মানুষকে ৪৪৪ দিন জিম্মি করে রাখা হয়েছিল। সেই ঘটনার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বর্তমানে এই সাবেক দূতাবাস ভবনটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।


ইরানের 'নতুন সরকারের প্রেসিডেন্ট' যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের 'নতুন সরকারের প্রেসিডেন্ট' যুদ্ধবিরতি চাইছেন। ট্রাম্প তাকে পূর্বসূরিদের তুলনায় 'অনেক কম কট্টরপন্থি' এবং 'অনেক বেশি বুদ্ধিমান' বলে অভিহিত করেছেন।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের উদ্দেশে ভাষণ দেওয়ার আগে ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, 'ইরানের নতুন সরকারপ্রধান তার পূর্বসূরিদের তুলনায় অনেক কম কট্টরপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান। তিনি এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন!'

ছবি: এনডিটিভি

তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ 'উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত' হলেই কেবল যুদ্ধবিরতির ঘটনা ঘটতে পারে।

ট্রাম্প আরও লিখেছেন, 'তার আগ পর্যন্ত, আমরা ইরানে এমনভাবে হামলা চালাব যাতে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। অথবা, কথায় যেমন বলে, আমরা তাদের প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!'


হরমুজ প্রণালিতে অভিযান ন্যাটোর কাজ নয়: ফ্রান্সের জুনিয়র সেনাবাহিনী বিষয়ক মন্ত্রী

হরমুজ প্রণালিতে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ন্যাটো গঠিত হয়নি বলে জানিয়ে দিয়েছেন ফ্রান্সের জুনিয়র সেনাবাহিনী বিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো। প্যারিসে দেওয়া এক বিবৃতিতে তিনি এই জোটের সীমাবদ্ধতা ও কর্মপরিধি মনে করিয়ে দেন।

অ্যালিস রুফো বলেন, 'ন্যাটো আসলে কী, সেটি আমি আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই। এটি একটি সামরিক জোট যা মূলত ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা রক্ষার সাথে সংশ্লিষ্ট। হরমুজ প্রণালিতে কোনো অভিযান চালানোর জন্য এটি তৈরি করা হয়নি; আর এমন পদক্ষেপ নেওয়া হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।'

উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর মিত্র দেশগুলোকে 'কাপুরুষ' বলে অভিহিত করেছিলেন ট্রাম্প।


ন্যাটো একটি 'কাগুজে বাঘ', জোট ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটো সামরিক জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই সামরিক জোটের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহায়তা না পাওয়ায় তিনি এমন অসন্তোষ প্রকাশ করেন।

ছবি: রয়টার্স

যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ন্যাটো সদস্যপদ বহাল রাখার বিষয়টি পুনর্বিবেচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'ওহ হ্যা, আমি তো বলব এটি পুনর্বিবেচনারও বাইরে। আমি কখনোই ন্যাটোর মাধ্যমে প্রভাবিত হইনি। আমি সবসময়ই জানতাম যে তারা একটি কাগুজে বাঘ। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বিষয়টি ভালো করেই জানেন।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, তখন ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো সেটি পুনরায় চালু করতে তাদের সামরিক শক্তি মোতায়েনে অনীহা প্রকাশ করে। মিত্রদের এমন অনাগ্রহের প্রেক্ষাপটেই মূলত ট্রাম্প এমন মন্তব্য করলেন।


যুদ্ধের কারণে প্রতিদিন ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে: আইইএ প্রধান

চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে জানিয়েছেন, আগামী এপ্রিলে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার হার মার্চ মাসের তুলনায় দ্বিগুণ হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে ইউরোপের দেশগুলোতে।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই টাঙ্গেনের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে ফাতিহ বিরোল এই আশঙ্কার কথা জানান। 

তিনি বলেন, 'চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলের অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।'

বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে আইইএ প্রধান বলেন, 'বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো বিমানের জ্বালানি এবং ডিজেলের সংকট।'

তিনি আরও যোগ করেন, "আমরা এশীয় অঞ্চলে ইতোমধ্যে এই সংকট দেখতে পাচ্ছি। আমি মনে করি, খুব শীঘ্রই—সম্ভবত এপ্রিল বা মে মাসের মধ্যেই—ইউরোপেও এর প্রভাব তীব্রভাবে অনুভূত হবে।'


ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তেলক্ষেত্রে ড্রোন হামলা

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের দোহুক প্রদেশে অবস্থিত 'সারসাং' তেলক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে। 

বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এই হামলার খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে।

ইরাকি ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের একটি তেলের গুদামে সাম্প্রতিক হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এই তেলক্ষেত্রটিতে হামলার ঘটনা ঘটল।


মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের লোরেস্তান প্রদেশে একটি মার্কিন তৈরি 'লুকাস' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির পুলিশ।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খোররামাবাদ শহরের আকাশে উড়ন্ত ওই ড্রোনটি শনাক্ত করার পর তা গুলি করে নামানো হয়।


ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে আঘাত করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কাতারকে লক্ষ্য করে ছোড়া হয়, যার মধ্যে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানে।

এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, তারা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে তৃতীয়টি কাতারএনার্জির লিজ নেওয়া একটি ট্যাংকারে আঘাত করে।

ট্যাংকারটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, আরও উত্তেজনা বৃদ্ধির হুঁশিয়ারি

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা দক্ষিণ ইসরায়েলের 'সংবেদনশীল লক্ষ্যবস্তুতে' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ অভিযানটি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে 'যৌথভাবে পরিচালিত' হয়েছে।

হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলের 'লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে আগ্রাসন, অপরাধ ও হামলা' তাদেরকে আরও সামরিক উত্তেজনা বৃদ্ধির দিকে ঠেলে দেবে।

ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি জানানোর প্রায় তিন ঘণ্টা পর এই বিবৃতি প্রকাশ করা হয়।


যুদ্ধে ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬,২৮৬: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এর মধ্যে মধ্য ইসরায়েলের সর্বশেষ হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত নয়।

এতে করে চলমান যুদ্ধে দেশটিতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,২৮৬ জনে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদের মধ্যে বর্তমানে ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে একটি ড্রোন আকাশেই ধ্বংস করার সময় সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা ওয়ামের প্রতিবেদনে জানানো হয়েছে, ফুজাইরার আল রিফা এলাকার একটি খামারে ড্রোনটি ভূপাতিত করার সময় সেটির কিছু অংশ নিচে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেখানে কর্মরত ওই বাংলাদেশি ব্যক্তি প্রাণ হারান।

তবে নিহতের নাম বা পরিচয় এখন পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা হয়নি।


ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৩

ইসরায়েলে নতুন করে একঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় তেল আবিবের কাছে বনেই ব্রাক শহরে ১১ বছরের এক শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার ঠিক আগে ইরান থেকে ছোঁড়া এক নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।

তেল আবিবে ক্ষতিগ্রস্ত সড়ক। ছবি: রয়টার্স

দেশটির জরুরি সেবা সংস্থা 'ম্যাজেন ডেভিড অ্যাডম' (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের পর তাদের উদ্ধারকারী দলগুলো দ্রুত বিভিন্ন স্থানে কাজ শুরু করেছে।

এমডিএ-র তথ্যমতে, তেল আবিবের পূর্বাঞ্চলীয় শহর বনেই ব্রাকে আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়ে শিশুর অবস্থা 'অত্যন্ত আশঙ্কাজনক'।


মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ইউরোপের কয়েকটি দেশ মার্কিন সামরিক অভিযানে সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গত মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্পেনের পরে এবার ফ্রান্স ও ইতালি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আপত্তি তুলেছে।

মাসব্যাপী চলা এই যুদ্ধে সহায়তা করছে না বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে 'কাপুরুষ' বলে তীব্র আক্রমণ করেছেন। এর মাধ্যমে জোটের ভেতরের ফাটল প্রকাশ্যে উঠে এসেছে।

বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ কমিশন-এর সদর দফতরের বাইরে ইউরোপীয় ইউনিয়ন-এর উড্ডীয়মান পতাকা। ১৯ সেপ্টেম্বর, ২০১৯। ছবি: রয়টার্স

মঙ্গলবার তিনি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহায়তা না করা দেশগুলোর সমালোচনা করেন।

ফ্রান্সের নাম উল্লেখ করে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, "ফ্রান্স নামের দেশটি ইসরায়েলের উদ্দেশ্যে সামরিক সরঞ্জামবাহী বিমানগুলোকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। 'ইরানের কসাই'-এর বিষয়ে ফ্রান্স খুবই অসহায় ভূমিকা পালন করেছে, যাকে সফলভাবে নির্মূল করা হয়েছে! যুক্তরাষ্ট্র এটি মনে রাখবে!!!"


ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ক্রমেই মনে করছে, ইরান যুদ্ধে 'মিশন অ্যাকমপ্লিশড' বা লক্ষ্য অর্জনের ঘোষণা দেওয়ার আগে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবে না। এই আলোচনার সাথে পরিচিত সূত্রগুলো সিএনএন-কে এমনটাই জানিয়েছে।

হোয়াইট হাউসের ভেতরে অনেক শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, তেহরানের নিয়ন্ত্রিত এই তেলের নৌপথটি পুনরায় সচল করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটি কেবল যুদ্ধ শেষ করার জন্যই নয়, বরং তেলের আকাশচুম্বী দাম কমানোর জন্যও জরুরি। কারণ এই মূল্যবৃদ্ধি ইতোমধ্যেই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য একটি বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠছে।

হরমুজ প্রণালী। ছবি: রয়টার্স

কিন্তু ট্রাম্পের নিজের দেওয়া চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার মধ্যে যুদ্ধ শেষ করার চাপে পড়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গোপনে স্বীকার করেছেন যে, তারা একই সাথে সামরিক লক্ষ্য অর্জন এবং এই সময়ের মধ্যে প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারছেন না। 


বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণে ইরান নিয়ে 'গুরুত্বপূর্ণ আপডেট' দেবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ইরান নিয়ে একটি 'গুরুত্বপূর্ণ আপডেট' বা তথ্য দিতে যাচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য নিশ্চিত করেছেন।

লেভিট জানান, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এই ভাষণে ঠিক কী বিষয়ে আলোচনা করা হবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি: রয়টার্স

যুদ্ধের 'ফিনিশ লাইন' দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র; ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার জানিয়েছেন, পাঁচ সপ্তাহে পা রাখা ইরান যুদ্ধের 'সমাপ্তি রেখা' (ফিনিশ লাইন) এখন ওয়াশিংটনের দৃষ্টিসীমায়। তিনি আরও জানান, এই সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে যুক্তরাষ্ট্রকে।

ফক্স নিউজ চ্যানেলের একটি অনুষ্ঠানে রুবিও বলেন, 'আমরা যুদ্ধের সমাপ্তি দেখতে পাচ্ছি। এটি আজ বা কাল হবে না, তবে তা খুব কাছাকাছি।'

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

তবে তিনি যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই 'সময়ক্ষেপণের কৌশল হিসেবে ভুয়া আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দেবেন না'।

যদিও তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করতে চাননি, তবুও রুবিও বলেন, 'আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি।'

সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোরও সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আমেরিকাকে সেবা দেওয়া এই জোটটি 'এখনও সেই উদ্দেশ্য পূরণ করছে কি না', তা হয়তো যুক্তরাষ্ট্রকে পুনরায় খতিয়ে দেখতে হবে।


ইরানের ভেতরে ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের ভূখণ্ডের গভীরে অবস্থিত বিভিন্ন ভূগর্ভস্থ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের 'সীমানার বাইরে প্রভাব বিস্তারের সক্ষমতা' কমিয়ে দেওয়ার লক্ষ্যে এই আক্রমণ চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, তাদের বাহিনী এই অভিযানে 'প্রিসিশন মিউনিশন' [নিখুঁত লক্ষ্যভেদী গোলাবারুদ] ব্যবহার করেছে। 

U.S. forces drop precision munitions on underground military targets deep inside Iran to further degrade the Iranian regime's ability to project power in meaningful ways beyond its borders. pic.twitter.com/ciQRbE0KFM— U.S. Central Command (@CENTCOM) April 1, 2026

পোস্টটির সাথে ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে একটি পাহাড়ি অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ হতে দেখা গেছে।


দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করতে পারে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা খুব শিগগিরই ফিরে আসব।' এই সময়সীমা নিয়ে তিনি আরও যোগ করেন, এই প্রস্থান বা যুদ্ধের সমাপ্তি 'দুই সপ্তাহ, বড়জোর তিন সপ্তাহের মধ্যে' হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

এক মাস ধরে চলা এই যুদ্ধের ইতি টানার বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত সবথেকে স্পষ্ট ঘোষণা। এই সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির গতিপথ বদলে দিয়েছে।


কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ডিপোতে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে সেখানে এক 'ভয়াবহ অগ্নিকাণ্ড' ঘটেছে বলে বুধবার জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় জ্বালানি ট্যাঙ্কগুলোর 'ব্যাপক ক্ষয়ক্ষতি' হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সেখানেও একটি ইরানি ড্রোন হামলার পর একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন ধরে গেছে। দেশটির অগ্নিনির্বাপক বাহিনী বর্তমানে সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড। ছবি: স্ক্রিনগ্র্যাব

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য সংঘাত / ড্রোন হামলা / যুক্তরাষ্ট্র / ইরান / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]