ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা 'কখনোই হওয়া উচিত ছিল না': চীনের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান 'কখনোই হওয়া উচিত ছিল না' বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের 'কখনোই সমাধান হবে না'। তিনি সংঘাতের বদলে কূটনৈতিক পন্থায় সংকট উত্তরণের ওপর জোর দেন।
সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'শক্তিশালী মুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয়। বিশ্ব আবার "জোর যার মুল্লুক তার"—এমন শাসনে ফিরে যেতে পারে না।'
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ওয়াং ই বলেন, তিনি বিশ্বাস করেন ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব বলে তিনি মনে করেন।
