নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে নেই যুদ্ধবিরতির আহ্বান
যুক্তরাষ্ট্র শনিবার (২১ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। যেখানে বলা হয়েছে, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। একই প্রস্তাবে 'আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এমন সন্ত্রাসী বাহিনীগুলো' ইরানের অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানানো হয়েছে।
সেই খসড়াটি দেখতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যেখানে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে যে, 'সন্ত্রাসী হামলা' এর প্রতিক্রিয়া জানাতে কোনো রাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইন মানতে হবে। এছাড়া গাজা উপত্যাকায় ত্রাণ পাঠানোকে 'নিরবিচ্ছিন্ন, পর্যাপ্ত এবং বাধাহীন' করার আহ্বান জানানো হয়েছে।
খসড়া প্রস্তাবটিতে যুদ্ধ স্থগিত ও শান্তি চুক্তির আহ্বান জানানো হয়নি। তবে চলমান যুদ্ধ আঞ্চলিক পর্যায়ে যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী কর্তৃক আক্রমণ বন্ধ করার দাবি জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাবটি ভোটাভুটিতে তোলার পরিকল্পনা করেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো প্রস্তাব পাস করার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য- রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের ভেটো না থাকার পাশাপাশি অন্তত ৯টি ভোট প্রয়োজন হয়।
এর আগে বুধবার নিরাপত্তা পরিষদে ব্রাজিলের তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। যেখানে গাজায় সহায়তা পৌঁছে দিতে মানবিক বিবেচনায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছিল।
ভেটোর পক্ষে সাফাই গেয়ে জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত লিন্ড থমাস-গ্রিনফিল্ড কাউন্সিলকে বলেন, কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরো সময় প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই অঞ্চল পরিদর্শন করছেন এবং গাজায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা এবং জিম্মিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছেন। এছাড়া সেখানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ না থাকাকেও ভেটোর কারণ বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।
শুক্রবার হামাস দুই আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে এবং প্রথম ত্রাণবাহী ট্রাক শনিবার মিশর থেকে গাজায় পৌঁছেছে।
